পোশাকশিল্প মজুরি বোর্ডের সভা কাল, তবে প্রস্তাব দেবে না কোনো পক্ষ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভা আড়াই মাস পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। যদিও এই সভায় শ্রমিক ও মালিক—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে মজুরি প্রস্তাব দেওয়ার সম্ভাবনা নেই। তাতে দ্বিতীয় সভায় মজুরি নিয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকনেতারা।
নিম্নতম মজুরি বোর্ডের কালকের সভায় আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব না দেওয়ার বিষয়টি আজ বুধবার দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেছেন মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড গঠন করে। গত ২৪ মে মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল, বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবেন।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে কাল বেলা সাড়ে ১১টায় বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ) লিয়াকত আলী মোল্লা সভাপতিত্বে সভা শুরু হবে। এ জন্য সব সদস্যকে উপস্থিত হতে ২ আগস্ট নোটিশ জারি করেছে মজুরি বোর্ড।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। ২০০৬ সালে সেটি বাড়িয়ে করা হয় ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালের মজুরি বোর্ডে শ্রমিকের নিম্নতম মজুরি ৩ হাজার টাকা করা হয়। ২০১৩ সালের মজুরি বোর্ড নিম্নতম মজুরি নির্ধারণ করে ৫ হাজার ৩০০ টাকা। সর্বশেষ ২০১৮ সালের মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ৮ হাজার টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত করে। এর মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা।
কালকে সভায় মজুরি প্রস্তাব জমা না দেওয়ার প্রসঙ্গে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আমি ইতিমধ্যে বসেছি। তবে মজুরির প্রস্তাবের বিষয়ে আমরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সে কারণে কালকের সভায় মজুরি প্রস্তাব দেওয়া সম্ভব হচ্ছে না। বোর্ডের চেয়ারম্যানের কাছে আমি তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য সময় চাইব।’
এই শ্রমিকনেতা আরও বলেন, শিল্পের বাস্তব অবস্থা ও শ্রমিকের প্রয়োজন—এই দুটি সমন্বয় করে মজুরি প্রস্তাব দেব আমরা। সে জন্য প্রতিটি শিল্পাঞ্চলের শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বাড়তি মজুরি চান। একই সঙ্গে মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতাও বন্ধ চান। এ ছাড়া মজুরি সঙ্গে কাজের বাড়তি চাপ যেন ঘাড়ে না চাপে, সে বিষয়টি নিয়েও শ্রমিকেরা কথা বলছেন। কারণ, অতীতে এমনটি হয়েছে।
অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে তৈরি পোশাকশিল্পের ব্যবসার অবস্থা খারাপ। অর্থনৈতিক অবস্থাও খারাপ। এমন পরিস্থিতিতে শিল্প যেন বন্ধ না হয়, আবার শ্রমিকেরাও যেন জীবনধারণ করতে পারে, সেটি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের পোশাকশিল্পে জুলাই-সেপ্টেম্বরে ব্যবসা সাধারণত একটু মন্দা থাকে। এরপরের মাসগুলোতে ব্যবসা ঘুরে দাঁড়াবে কি না, সেটি পর্যবেক্ষণ করে আমরা মজুরির বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই।’
সাধারণত মজুরি বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে হয়। এবার মজুরি বোর্ড গঠন হওয়ার পর ইতিমধ্যে চার মাস পার হয়েছে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বৈঠকও হয়েছে মাত্র একটি। এমন প্রেক্ষাপটে শ্রমিক সংগঠনগুলো স্বচ্ছতার সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি করছে।
এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক সংহতির সভানেত্রী তাসলিমা আখতার প্রথম আলোকে বলেন, শ্রম আইন অনুযায়ী, মজুরি বোর্ডের কার্যক্রম ছয় মাসের মধ্যে শেষ করতে হয়। প্রয়োজনে বাড়তি সময় নেওয়ার সুযোগ থাকলেও সেটি করা ঠিক হবে না। তার কারণ হচ্ছে, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে শ্রমিকেরা দুর্ভোগের মধ্যে আছেন। মজুরি বাড়ানোর নামে তাদের মাসের পর মাস অপেক্ষা করানোটা অত্যন্ত অমানবিক।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এমন প্রেক্ষাপটে মজুরি প্রক্রিয়া বিলম্বিত করার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের মতো করে মজুরি নির্ধারণ করলে শ্রমিকেরা তা মেনে নেবেন না। তাই যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি শেষ করা প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতা বিক্রেতা প্রায় এক হাজার কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) জানিয়েছে যে বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার যে প্রক্রিয়া চলছে, তা তারা গভীরভাবে খতিয়ে দেখছে। সংগঠনটি বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি পর্যালোচনা জরুরি।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কাছে পাঠানো চিঠিতে এএএফএ মজুরি বৃদ্ধির আলোচনায় প্রকৃত শ্রমিকনেতাদের যুক্ত করার আহ্বান জানিয়েছে। উন্মুক্ত আলোচনা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এটা করা জরুরি বলে মনে করে তারা।
এ ছাড়া এএএফএর অন্তর্ভুক্ত ব্র্যান্ডগুলো মনে করে, এবার যে ন্যূনতম মজুরি নির্ধারিত হবে, তা বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, মহামারির প্রভাব ও সরবরাহব্যবস্থার সংকট আমলে নিয়ে করা হবে।