আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত
ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী বোর্ড চূড়ান্ত হয়েছে। আজ রোববার বোর্ড সভায় মাহবুবুর রহমানকে আইসিসি বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসি বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যবসায়ীদের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আইসিসি বাংলাদেশের আজকের বোর্ড সভায় দুজন সহসভাপতিও নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ।
আইসিসি বাংলাদেশের সদস্যের নির্বাহী বোর্ডে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
এ ছাড়া এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, মীর আখতার হোসেন লিমিটেডের এমডি মীর নাসির হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-এর প্রধান কার্যালয় প্যারিসে। বিশ্বের ১৭০টির বেশি দেশে আইসিসির কার্যক্রম রয়েছে। আইসিসি বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ৫০ লাখ প্রতিষ্ঠান এবং ১০০ কোটির বেশি কর্মজীবী মানুষের প্রতিনিধিত্ব করে