শতকোটি ডলারের ক্রয়াদেশ বাতিল করছে ওয়ালমার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট চলতি মাসে সারা বিশ্বের উৎপাদকের দেওয়া শত শত কোটি ডলার মূল্যের পণ্য কেনার আদেশ বাতিল করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছে ওয়ালমার্টকে পণ্য সরবরাহকারী ওই সব কোম্পানি।

যুক্তরাষ্ট্রে বছরের যেসব সময়ে সবচেয়ে বেশি পণ্য বিক্রি হয়, তার মধ্যে ‘ব্যাক টু স্কুল’ মৌসুম অন্যতম। গ্রীষ্মের লম্বা ছুটি কাটিয়ে এ সময়ে সব শিক্ষার্থী স্কুলে ফেরে। ফলে তাদের পোশাকসহ নতুন সব পণ্য কিনে দেন অভিভাবকেরা। এ জন্য অভিভাবকেরা বিভিন্ন ধরনের মূল্যছাড় খোঁজেন। সেই সুযোগ কাজে লাগানোর প্রত্যাশায় উৎপাদকদের কাছ থেকে পণ্য কেনার জন্য বাড়তি ক্রয়াদেশ দেন খুচরা বিক্রেতারা।

তবে এবারের পরিস্থিতি একটু ভিন্ন। মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা কেনাকাটা কমিয়ে দিয়েছেন। এতে লক্ষ্য অনুসারে নিয়মিত পণ্য বিক্রি করতে পারছে না দেশটির খুচরা বিক্রেতারা। ভোক্তা চাহিদা কমার সঙ্গে সমন্বয় করতে তাই উৎপাদকদের কাছ থেকে কম পরিমাণে পণ্য কিনছে এসব কোম্পানি।

ওয়ালমার্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (এপ্রিল–জুন) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে তাদের ইনভেনটরি পর্যায়ের ক্রয়াদেশ ২৬ শতাংশ বেড়েছে। কিন্তু সে তুলনায় বাড়েনি বিক্রির চাহিদা। এতে তারা বিপাকে পড়েছে।

একই ধরনের সংকটে পড়েছে ওয়ালমার্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি টার্গেট করপোরেশন। তাদের অবস্থা ওয়ালমার্টের চেয়েও খারাপ।

যুক্তরাষ্ট্রের এলি ব্রড বিজনেস কলেজের সরবরাহ বিভাগের সহযোগী অধ্যাপক জেসন মিলার বলেন, মূল্যস্ফীতির কারণে চলতি ত্রৈমাসিকে ভোক্তারা কেনাকাটা কমিয়ে দেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ইতিমধ্যে ভোক্তা পর্যায়ে বিক্রি আবার কিছুটা বাড়তে শুরু করেছে। আশা করা যাচ্ছে, শিগগির এই সংকট কেটে যাবে।

এদিকে ওয়ালমার্টের এই পদক্ষেপে ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়েছে বিভিন্ন দেশের সরবরাহকারী কোম্পানিগুলো। বাংলাদেশের পোশাক পণ্যের বড় ক্রেতাদের একটি হলো ওয়ালমার্ট। তাই প্রতিষ্ঠানটি এদেশেও কিছু ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে বলে জানা গেছে। এতে আর্থিক ক্ষতির মুখ পড়বেন সংশ্লিষ্ট পোশাক ব্যবসায়ীরা।