এবার সোনার দাম বাড়ল, আজ ভরিতে ৪,৪৩২ টাকা

সোনার দাম বাড়লছবি: রয়টার্স

টানা দুবার কমার পর আজ সোমবার দেশের বাজারে বাড়ল সোনার দাম। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৪ হাজার ৪৩২ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। আজ দাম সমন্বয়ের আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চারবার সোনার দাম কমানো হয়। এরপর টানা তিনবার সোনার দাম বাড়ানো হয়। গত শুক্র ও শনিবার সোনার দাম কমানো হয়। এরপর আজ দাম আবার বাড়ল।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। সোনার গয়নার দাম কমাতে বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল ৫ শতাংশ।

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে আজ দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের, অর্থাৎ ভালো মানের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা।