গুলশান, বনানীতে জমির নিবন্ধনে কাঠাপ্রতি কর ২০ লাখ টাকা

প্রতীকী ছবি

এখন থেকে ফ্ল্যাট-প্লট কিনলে খরচ বাড়বে। কারণ, সরকার বাজেটে নিবন্ধন খরচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বর্তমানে জমি নিবন্ধনে চুক্তিমূল্যের ৪ শতাংশ কর দিতে হয়। বাজেটে তা বাড়িয়ে ৮ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবে এলাকাভিত্তিক কাঠাপ্রতি ন্যূনতম করও নির্ধারণ করে দিয়েছেন। যেমন গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড, মহাখালী এলাকায় জমির নিবন্ধন করা হলে চুক্তিমূল্য বা বিক্রয়মূল্যের ৮ শতাংশ কিংবা কাঠাপ্রতি ২০ লাখ টাকার মধ্যে যেটি বেশি হবে, ওই পরিমাণ কর দিতে হবে। এর মানে হলো, ওই সব এলাকায় প্রতি কাঠায় ২০ লাখ টাকা কর দিতেই হবে।

একইভাবে প্রতিটি এলাকায় চুক্তিমূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ন্যূনতম করের পরিমাণ ধরে দেওয়া হয়েছে। যেমন কারওয়ান বাজার, উত্তরা, সোনারগাঁও জনপথ, শাহবাগ, পান্থপথ, বাংলামোটর, কাকরাইলে কাঠাপ্রতি ১২ লাখ টাকা; বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বাড্ডা, সায়েদাবাদ, পোস্তগোলা, গেন্ডারিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের আগ্রাবাদ ও সিডিএ অ্যাভিনিউতে কাঠাপ্রতি ৮ লাখ টাকা; নবাবপুর, ফুলবাড়িয়ায় ৬ লাখ টাকা কাঠাপ্রতি ন্যূনতম কর দিতে হবে।

এ ছাড়া উত্তরা (১-৯ সেক্টর), খিলগাঁও পুনর্বাসন এলাকা, আজিমপুর, রাজারবাগ, চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ, নাছিরাবাদ, মেহেদীবাগে কাঠাপ্রতি ন্যূনতম ৩ লাখ টাকা; গুলশান ও বনানীর কিছু অংশ, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বসুন্ধরা (ব্লক এ-আই), নিকেতন, বারিধারায় ১০ লাখ টাকা; পূর্বাচল, বসুন্ধরা (ব্লক কে-পি), ঝিলমিল আবাসিক এলাকায় ৩ লাখ টাকা; কাকরাইল, সেগুনবাগিচা, বিজয়নগর, ইস্কাটন, গ্রিন রোড, এলিফ্যান্ট রোড, ফকিরাপুল, আরামবাগ, মগবাজার, তেজগাঁও শিল্প এলাকা, শেরেবাংলা নগর, লালমাটিয়া, ক্যান্টনমেন্ট এলাকা ও চট্টগ্রামের খুলশী এলাকায় কাঠাপ্রতি ৫ লাখ টাকা; কাকরাইল, সেগুনবাগিচা, বিজয়নগর, ইস্কাটন, গ্রিন রোড, এলিফ্যান্ট রোডের কিছু অংশে আড়াই লাখ টাকা; উত্তরা (সেক্টর ১০-১৪), নিকুঞ্জ, বাড্ডা (কিছু অংশ), গেন্ডারিয়া, শ্যামপুর, টঙ্গী শিল্প এলাকায় ১ লাখ ২০ হাজার টাকা; শ্যামপুর শিল্প এলাকা ও জুরাইনে ১ লাখ টাকা; রাজারবাগের কিছু অংশে দেড় লাখ টাকা; খিলগাঁওয়ে দেড় লাখ টাকা, গোড়ান ও হাজারীবাগ ট্যানারি এলাকায় ৬০ হাজার টাকা কাঠাপ্রতি ন্যূনতম কর দিতে হবে।

এ ছাড়া ওপরে উল্লেখিত এলাকাগুলো ছাড়া রাজউক ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) অন্যান্য এলাকায় জমি বেচাকেনা হলে চুক্তিমূল্যের ৮ শতাংশ; গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা ও চট্টগ্রাম জেলা (রাজউক ও সিডিএ এলাকা ছাড়া) এবং অন্যান্য সিটি করপোরেশন ও জেলা সদর পৌর এলাকায় চুক্তিমূল্যের ৬ শতাংশ কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য পৌরসভা এলাকায় চুক্তিমূল্যের ৪ শতাংশ এবং দেশের অন্য এলাকায় চুক্তিমূল্যের ২ শতাংশ কর দিতে হবে।