আজ সকাল–বিকেল সোনার দাম বাড়ল, ভরিতে ১৬,৩৩০ টাকা

সোনাপ্রতীকী ছবি: ফ্রিপিক ডটকম

দেশের বাজারে গতকাল ও আজ মোট চার দফায় সোনার দামে সমন্বয় করা হয়েছে। গতকাল সকাল ও বিকেল— দুই বেলা দাম কমানো হয়েছিল। আজ দুই দফা সোনার দাম বাড়ানো হয়। আজ সকালে ভরিতে বাড়ানো হয়েছিল ৫ হাজার ৪২৪ টাকা। পরে বিকেলে আরেক দফা দাম ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়।

অর্থাৎ আজ দুই দফায় সোনার দাম বাড়ল ১৬ হাজার ৩৩০ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার বেলা তিনটার পর দ্বিতীয় দফা নতুন দামের ঘোষণা দেয়। নতুন দাম বিকেল চারটা থেকে কার্যকর করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার দেশের বাজারে সোনার দাম সকাল ও বিকেল দুই বেলা কমানো হয়। সকালে ভরিতে কমানো হয় ৬ হাজার ৫৯০ টাকা। পরে বিকেলে সোনার দাম আরেক দফা ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। ফলে গতকাল এক দিনেই প্রতি ভরিতে সোনার দাম কমে ১২ হাজার ১৪ টাকা।

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানোর পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। ফলে ২১ ক্যারেট সোনার দাম বেড়ে হয় ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এখন ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা ও সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা ভরি।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ১৭৬ টাকা বেড়েছে। এখন ভরিতে দাম হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

এর আগে গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা; যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায়।