গাজীপুরের আইশ্বিন ফুডসকে কেন ৩ লাখ টাকা জরিমানা করা হলো
গাজীপুরের কালীগঞ্জের আইশ্বিন ফুডসকে তিন লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইনে এই জরিমানা করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত একটি সমন্বিত ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। গত সোমবার আইশ্বিন ফুডসের কারখানায় এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকসহ পুলিশ সদস্যরা।
অভিযানে আইশ্বিন ফুডসের উৎপাদিত খাদ্যের লেবেলিংয়ে সঠিক তথ্য না দেওয়া ও খাদ্য উপকরণের অসম্পূর্ণ তথ্য, খাদ্য সংযোজন দ্রব্যের সংরক্ষণপদ্ধতি ও লেবেলিং সঠিক না থাকা, ব্রেডের মেয়াদ ৩০ দিন প্রদান করা হলেও তাদের সেলফ লাইফ স্টাডিসহ খাদ্যপণ্যের কোনো ল্যাব পরীক্ষার প্রমাণপত্র নেই, সব খাদ্যপণ্য ঢেকে না রাখা ও কারখানার ভেতরে মাছির উপদ্রব, খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডেটা সেফটি শিট ও সার্টিফিকেট অব অ্যানালাইসিস কারখানায় সংরক্ষণ না করা, খাদ্য উৎপাদনে সংযোজন দ্রব্যের সঠিক পরিমাণে ব্যবহারের প্রমাণ দেখাতে না পারা এবং সব খাদ্যপণ্যের চালান ও ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগ পেয়েছেন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইশ্বিন ফুডসের এসব কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও নিরাপদ খাদ্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অধিকতর পরীক্ষা–নিরীক্ষার জন্য খাদ্য নমুনাও সংগ্রহ করা হয়।