কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের নতুন এমডি মায়াঙ্ক অরোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মায়াঙ্ক অরোরা
ছবি: সংগৃহীত

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চলতি মাসে দায়িত্ব গ্রহণ করেছেন মায়াঙ্ক অরোরা। এর আগে তিনি কোকা-কোলা বেভারেজেস শ্রীলঙ্কা লিমিটেডের (সিসিবিএসএল) এমডি হিসেবে কর্মরত ছিলেন।

মায়াঙ্ক আরোরা দায়িত্ব নেওয়ার আগে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস কুমার মন্ডল। কোকা–কোলার পক্ষ থেকে একটি পিআর কোম্পানি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবিএল) দ্য কোকা-কোলা কোম্পানির একটি শতভাগ বিদেশি বিনিয়োগকৃত অঙ্গপ্রতিষ্ঠান, যা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড নামে পূর্বপরিচিত। কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ত্রিশ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের নতুন এমডি মায়াঙ্ক অরোরা বলেন, ‘কোকা-কোলার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। অগ্রগতির এই যাত্রায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত। আমাদের প্রতিটি পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয়। সেই পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন একদল প্রতিশ্রুতিবদ্ধ কর্মী।’

মায়াঙ্ক অরোরা তাঁর ২১ বছরের কর্মজীবনে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস এবং বার্জার পেইন্টস ইন্ডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ভুবনেশ্বরের জেভিয়ার্স ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একজন অ্যালামনাই হলেন মায়াঙ্ক অরোরা। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম শেষ করেছেন। এ ছাড়া তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রিও নেন।