পোশাকশ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন

শ্রম ভবনে আজ বৃহস্পতিবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান প্রমুখছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর পর বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, শ্রমিকদের দুটি বড় সমস্যা হলো বাড়িভাড়া ও যাতায়াত খরচ। প্রায়ই দেখা যায়, শ্রমিকদের বেতন বাড়লে তাঁদের বসবাসের এলাকার বাড়িভাড়াও বেড়ে যায়। একইভাবে বেড়ে যায় পরিবহন খরচ।

শ্রম ভবনে আজ বৃহস্পতিবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন জানান, এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রয়োজনে আইন প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, একইভাবে পরিবহন ও সড়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে হঠাৎ করে বাসভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করা যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

শ্রম ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে শ্রমিক, মালিক এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে নিম্নতম মজুরি নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ ছিল না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শ্রমবান্ধব সরকার হিসেবে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, মজুরি বোর্ড যেন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে মজুরি কাঠামো নির্ধারণ করে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকিমূল্যে শ্রমিক–অধ্যুষিত এলাকায় চাল সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, এ কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে, যাতে বেশিসংখ্যক শ্রমিকের কাছে ভর্তুকি মূল্যে চাল পৌঁছে দেওয়া যায়।

মাহদী আমিন বলেন, শ্রমিক–অধ্যুষিত এলাকায় ছয়টি বিশেষায়িত ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের মতামতের ভিত্তিতে হাসপাতালের সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে সাতটি করার সিদ্ধান্ত হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। জমি অধিগ্রহণের কাজ চলছে। এসব হাসপাতালের কার্যক্রম শুরু হবে।

মাহদী আমিন আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গার্মেন্টস শ্রমিকদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অন্যান্যবার সরকারি দলের নেতাকে মজুরি বোর্ডের সদস্য করা হতো। এবার সেটা হয়নি। এটি মজুরি বিষয়ে নিরপেক্ষ জায়গায় পৌঁছাতে সহায়তা করেছে।

শ্রমিকদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, ‘আগামী শনিবার থেকে সব কারখানায় উৎপাদন শুরু হবে আমরা প্রত্যাশা করছি। কোনো অবস্থায় চক্রান্তের মাধ্যমে এই শিল্প যেন বন্ধ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’