আজ আবার বাড়ল সোনার দাম, ভরিতে ২৫০৮ টাকা
দেশের বাজারে আজ সোনার দাম বেড়েছে। ফলে পরপর তিনবার সোনার দাম বাড়ল। এর আগে টানা চারবার সোনার দাম কমেছে। বিশ্ববাজারে খাঁটি সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বৃহস্পতিবার দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বেড়েছে। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত সোমবার সোনা ও রুপার দাম বাড়ানো হয়।
পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চারবার সোনার দাম কমানো হয়। ফলে সামগ্রিকভাবে সোনার দাম ভরিতে ১৯ হাজার ৭৭১ টাকা কমেছিল। এরপর গত শনিবার, সোমবার ও আজ বৃহস্পতিবার তিনবার সোনার দাম বাড়ানো হলো। এই তিনবারে সোনার দাম ১৪ হাজার ৫৮০ টাকা বেড়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার এই মূল্য ভ্যাটসহ হিসাব করা হয়েছে। তবে রুপার ভ্যাটের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে। এ ছাড়া অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।