গালফ ফুড ফেয়ারে আকিজ এসেনশিয়ালস

বাংলাদেশের শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনশিয়ালস তৃতীয়বারের মতো খাদ্যপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘গালফ ফুড ফেয়ারে’ অংশ নিয়েছে। পাঁচ দিনের এই মেলা গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে।

গালফ ফুড ফেয়ারে চলতি বছর ১৯৫টি দেশের সাড়ে ৮ হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রদর্শনীতে আকিজ এসেনশিয়ালস তাদের শতাধিক পণ্য নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে সব ধরনের মসলা, অ্যারোমেটিক চাল, আটা, ময়দা, সুজি, শর্ষের তেল, স্ন্যাকস, আচার, টোস্ট, ড্রাই কেক, কুকিজ, লাচ্ছা সেমাই, মুড়ি, চিড়াসহ বিভিন্ন ভোগ্যপণ্য। আকিজ রিসোর্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আকিজ এসেনশিয়ালস লিমিটেডের হেড অব এক্সপোর্ট মো. আহমেদুল কবির বলেন, ‘গালফ ফুড ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ক্রেতা, পরিবেশক ও আমদানিকারকদের কাছে আকিজ এসেনশিয়ালসকে আরও পরিচিত করতে চাই। পাশাপাশি নতুন ক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে রপ্তানি আদেশ বৃদ্ধিই আমাদের প্রধান লক্ষ্য।’

বর্তমানে আকিজ এসেনশিয়ালসের পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস, পর্তুগাল, ফ্রান্স, বুলগেরিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ মোট ২০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।