চীনা বিনিয়োগে হচ্ছে ওষুধ উপকরণ ও কম্পোজিট কারখানা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী ওষুধ উপকরণ তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান ক্রিসেন্ট হাইটেক কোম্পানি লিমিটেড। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান উন শেং বিডি কোম্পানি লিমিটেড দেশের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি রপ্তানিমুখী কম্পোজিট কারখানা স্থাপন করবে।
চীনা প্রতিষ্ঠান ক্রিসেন্ট হাইটেক কোম্পানি বিভিন্ন ধরনের সক্রিয় ওষুধ উপকরণ বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন করবে। এ জন্য তারা ৭৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অঞ্চলগুলোর মধ্যে এটিই প্রথম এপিআই কারখানা হতে যাচ্ছে। এখানে ২ হাজার ৭৭ জন বাংলাদেশি নাগরিকের কাজের সুযোগ সৃষ্টি হবে।
ক্রিসেন্ট হাইটেক কোম্পানি বছরে ৩১৫ টন ১.৪–ডিহাইড্রোক্সি এনথ্রাকুইনন, ১৮৯ টন ১.৪–ডায়ামিনো এনথ্রাকুইনন, ৬৬১ টন গ্লাইকিউরেসিস ২৬ ও ৫৩ এবং ৬২৯ টন হেপাটাইটিস সি ৩০ ও ২৭ উৎপাদন করবে।
কারখানা স্থাপনের লক্ষ্যে সম্প্রতি বেপজার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ক্রিসেন্ট হাইটেক। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ক্রিসেন্ট হাইটেকের চেয়ারম্যান জি ওয়েইমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে এপিআই উৎপাদনের এ কারখানা একটি নতুন সংযোজন। টেক্সটাইল ও তৈরি পোশাক পণ্যের নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে বেপজা প্রাধান্য দিচ্ছে।
এ সময় ক্রিসেন্ট হাইটেক কোম্পানির চেয়ারম্যান জি ওয়েইমিন জানান, খুব দ্রুত তাঁরা কারখানার নির্মাণকাজ শুরু করবেন। ওই কারখানায় উৎপাদিত পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে।
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্পকারখানা স্থাপনের লক্ষ্যে এ নিয়ে ২৫টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে। এর অধিকাংশই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে বলে জানিয়েছে বেপজা। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি ডলারের বেশি।
মোংলায় কম্পোজিট কারখানা
মোংলা ইপিজেডে কম্পোজিট কারখানা স্থাপনের জন্য ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান উন শেং বিডি কোম্পানি। প্রতিষ্ঠানটি ফেব্রিক, গার্মেন্টস ও গার্মেন্ট অ্যাকসেসরিজ পণ্য উৎপাদন করবে। মোংলা ইপিজেডে এটিই এ ধরনের প্রথম বিনিয়োগ। প্রতিষ্ঠানটিতে ৫ হাজার ৪২১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উন শেং বিডি ওভেন ও নিট ফেব্রিক, প্যাডিং, কুইল্টিং, প্রিন্টিং ফেব্রিক, এমব্রয়ডারি ফেব্রিক, কোটেড ফেব্রিক, লেমিনেটেড ফেব্রিক, সব ধরনের ট্যাপ, নিট ও ওভেন গার্মেন্টস অ্যাকসেসরিজ সামগ্রী উৎপাদন করবে। কারখানা স্থাপনের লক্ষ্যে সম্প্রতি বেপজার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে উন শেং বিডি। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং উন শেং বিডির ব্যবস্থাপনা পরিচালক জি লাই ইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজা জানিয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা ইপিজেডে দেশি–বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। একসময় দেশের অন্য সাতটি ইপিজেডের তুলনায় পিছিয়ে ছিল মোংলা ইপিজেড। তবে ২০২২-২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ বা প্রায় ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডলারের চুক্তি হয়েছে মোংলা ইপিজেডে বিনিয়োগের জন্য।
বর্তমানে মোংলা ইপিজেডে ৩১টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। সেখানে কাজ করছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি নাগরিক। এই ইপিজেডে এখন পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ ডলারের বিনিয়োগ হয়েছে। আর এখান থেকে ১১৬ কোটি ৯০ লাখ ডলার সমমূল্যের পণ্যসামগ্রী রপ্তানি হয়েছে।