রিহ্যাবের নতুন সভাপতি মো. আলী আফজাল

রিহ্যাবের নতুন সভাপতি মো. আলী আফজাল

আবাসন ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) ২০২৬-২৮ মেয়াদের নতুন সভাপতি হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। তিনি ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মো. আলী আফজাল প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার বা দলপ্রধান। ছয় সহসভাপতি পদের মধ্যে চারটিতে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদে জয়ী হয়েছেন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা।
সভাপতি পদে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও রিহ্যাবের বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। এ ছাড়া জাগরণ প্যানেলের সভাপতি প্রার্থী মোকাররম হোসেন খান পেয়েছেন ৯০ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী আবদুল খায়ের সেলিম পেয়েছেন ১২ ভোট।

রিহ্যাবের নির্বাচন গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে দিবাগত রাত একটার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সিনিয়র সহসভাপতি পদে আবাসন ব্যবসায়ী পরিষদের আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের লিয়াকত আলী ভূঁইয়া পেয়েছেন ২১৪ ভোট।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ থেকে সহসভাপতি হয়েছেন আবু খালিদ মো. বরকতুল্লাহ, এ এফ এম উবাইদুল্লাহ ও মো. হারুন অর রশিদ। আর আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আকতার বিশ্বাস ও মোহাম্মদ মোরশেদুল হাসান (চট্টগ্রাম অঞ্চল)।

পরিচালক পদে সবচেয়ে বেশি ৩৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. লাবিব বিল্লাহ। এ ছাড়া উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব সমান ৩০৪ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন এ জেড এম কামরুদ্দিন, মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, এন জোহা, মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার ও গোলাম কিবরিয়া মজুমদার।

নির্বাচিত ২০ পরিচালকের মধ্যে ১১ জন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থী। বাকি ৯ জন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ থেকে জয়ী হয়েছেন।