সোনার দাম ভরিতে ৭ হাজার বৃদ্ধির পর কমল ৩ হাজার

সোনা

দেশের বাজারে গতকাল শনিবার সোনার দাম ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা বৃদ্ধি পায়। তবে আজ রোববার সকালে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা ভরি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল রাতে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। নতুন দাম আজ রোববার সকালে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

গত সপ্তাহে সোনার দামে বেশ অস্থিরতা ছিল। গত মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পায়। তার আগের দিন অর্থাৎ সোমবার সকাল–বিকেল দুই দফায় ১২ হাজার ১৪ টাকা কমে। তার আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

সর্বশেষ গত শুক্রবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমায় জুয়েলার্স সমিতি। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে ২৪ ঘন্টা পর অর্থাৎ গতকাল সমপরিমাণ দাম বাড়ে। তারপর ১২ ঘন্টার কম সময়ের ব্যবধানে গতকাল রাতে আবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় সমিতি।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। পশ্চিমা বিশ্বে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট।

ওঠানামার মধ্যে থাকলেও বিশ্ববাজারে গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৪১৫ ডলার।