মজুরি বোর্ডের স্থগিত সভা সোমবার, মালিকপক্ষ কত টাকা প্রস্তাব দেবে

সম্প্রতি সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেবে। দুই সপ্তাহ আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করে প্রস্তাব দেন।

তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর একাধিক নেতা জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবে মালিকপক্ষ। অর্থাৎ শুরুতে শ্রমিকপক্ষের চেয়ে অনেক কম মজুরি প্রস্তাব করবে তারা। পরে দর–কষাকষিতে প্রয়োজন হলে মজুরি কিছুটা বাড়াবে মালিকপক্ষ। অন্যদিকে একাধিক শ্রমিকনেতা জানান, গত তিনটি মজুরি বোর্ডের মতো কম মজুরি মেনে নেবে না শ্রমিকপক্ষ। দর–কষাকষির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে তারা।

মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, মজুরি বোর্ডের আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবের ওপর আলোচনা হবে। মালিক ও শ্রমিকপক্ষের দর–কষাকষিতে আজ মজুরি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। ধারাবাহিকভাবে সভা করে খসড়া মজুরিকাঠামো চূড়ান্ত করতে বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ করবে উভয় পক্ষ।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। গত সোমবার তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

বাবুল আখতার প্রথম আলোকে বলেন, ‘আমরা মজুরি বোর্ডের কালকের সভায় চূড়ান্ত মজুরি নির্ধারণের চেষ্টা করব। এ বিষয়ে কয়েকটি শ্রমিক ফেডারেশনের নেতা আমাকে ইতিবাচক বার্তা দিয়েছেন। বাকিটা নির্ভর করছে মালিকপক্ষের ওপর।’

মজুরি বোর্ডের আজকের সভায় মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই আলোচনার সুবিধার্থে এক বা একাধিক বিশেষজ্ঞ সঙ্গে রাখবে। মালিকপক্ষের প্রতিনিধির আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিনকে সভায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে মজুরি বোর্ড; আর শ্রমিকপক্ষের প্রতিনিধির আবেদনে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মালিকপক্ষ কত প্রস্তাব দেবে

গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে, তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করে মালিকপক্ষ। শেষ পর্যন্ত দর-কষাকষির পর সমঝোতা হয়।

সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেয়। তার বিপরীতে প্রায় অর্ধেক, অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরির প্রস্তাব দেয় মালিকপক্ষ। পরে শ্রমিক আন্দোলনের মুখে মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়।

বিজিএমইএ ও বিকেএমইএর একাধিক নেতা গতকাল ইঙ্গিত দেন, মজুরি বোর্ডের আজকের সভায় মালিকপক্ষ ১৫ হাজার টাকার কাছাকাছি ন্যূনতম মজুরি প্রস্তাব দেবে। প্রস্তাবে বলা হবে, শ্রমিকের ন্যূনতম মজুরি কম হলেও ওভারটাইম, হাজিরা বোনাসসহ মোট মজুরি বেশি। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হ্রাস, শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি, এলডিসি উত্তরণের ঝুঁকি ইত্যাদি বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ মজুরি নির্ধারণের অনুরোধ করবে মালিকপক্ষ।

মালিকপক্ষ ১৫ হাজার টাকার আশপাশে ন্যূনতম মজুরির প্রস্তাব করার উদ্যোগ নিলেও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত সপ্তাহে বলেছে, ন্যূনতম মজুরির আলোচনা ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত। সংস্থাটি বলেছে, দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা; আর ন্যূনতম মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ হচ্ছে ২৪ হাজার ২০৪ টাকা।

এদিকে গত বুধবার শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোটের স্থানীয় শাখা ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নেতারা সংবাদ সম্মেলন করে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি করেন।

শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি

মজুরি বৃদ্ধির দাবিতে টানা বিক্ষোভের পর গাজীপুরে গতকাল সকালে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরা। তবে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে একদল পোশাকশ্রমিক। গতকাল শ্রম আইনের ১৩(১) ধারা ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ছিল ৩২টি; আর ১০টি কারখানা ছুটি দিতে বাধ্য হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ ও বিজিএমইএ।

গাজীপুরের শ্রীপুরে গতকাল কয়েক দফায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। প্রথমে বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পুলিশ ধাওয়া দিলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান। এতে মহাসড়কে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এর আগে শ্রমিকেরা একটি ট্রাক ও একটি বাসের সামনের কাচ ভাঙচুর করেন। এ ঘটনার ১৫–২০ মিনিট পর শ্রীপুরের নতুন বাজার এলাকার ইউটার্নে অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি বাসে ইটপাটকেল ছোড়েন তাঁরা। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।

তবে সাভার–আশুলিয়া এলাকায় গতকাল কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। অধিকাংশ কারখানায় কাজ হয়েছে। তবে ২১টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এ ছাড়া গতকাল দুপুর পর্যন্ত ১৫টি কারখানা ছুটি দিতে বাধ্য হয় বলে জানায় শিল্প পুলিশ।

[প্রতিবেদন তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার ও প্রতিনিধি, গাজীপুর ও শ্রীপুর]