সেমাই চিনির দাম বেড়েছে চট্টগ্রামের বাজারে
ঈদ সামনে রেখে চট্টগ্রামের বাজারগুলোতে সেমাই বিক্রি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে সেমাইয়ের দাম। পাশাপাশি সেমাই রান্নার উপকরণ চিনি ও গুঁড়া দুধসহ অন্যান্য জিনিসের দামও বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
বাজারে দুই ধরনের সেমাই বিক্রি হচ্ছে—লাচ্ছা ও চিকন। এর মধ্যে লাচ্ছা সেমাইয়ের চাহিদা তুলনামূলক বেশি। বিভিন্ন বাজারে ক্রেতা–বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার প্রকারভেদে খোলা সেমাইয়ের দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আর বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত সেমাইয়ের দামও বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের ২০০ গ্রাম ওজনের প্যাকেটজাত লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। গত বছর রমজানের ঈদের সময় এসব সেমাইয়ের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা।
এ ছাড়া ২০০ গ্রাম ওজনের প্যাকেটজাত চিকন সেমাই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। ব্র্যান্ড ভেদে ঘি ও কিশমিশযুক্ত প্যাকেটজাত সেমাই পাওয়া যাচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে। খোলা চিকন সেমাই প্রতি কেজি ২০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট এলাকার দোকানি মো. ইসমাইল বলেন, প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে থেকে মানুষ ঈদের বাজার শুরু করে। এ বছরও বিক্রি ভালো হচ্ছে। তবে দাম গত রোজার ঈদের চেয়ে কিছুটা বেশি।
দাম বাড়তি চিনির
সেমাই রান্নার উপকরণের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে খোলা চিনির দাম। বৃহস্পতিবার চট্টগ্রামের বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২৫ টাকায়। গত বছর ঈদুল ফিতরের সময়ে এই দাম ছিল ৭৮ থেকে ৮০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী প্রতি কেজি চিনিতে এক বছরে দাম বেড়েছে প্রায় ৪৮ শতাংশ।
চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারের পক্ষ থেকে প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৪ টাকায় নির্ধারণ করে দেওয়া হয়। আর প্যাকেটজাত চিনি প্রতি কেজির দাম নির্ধারণ করা হয় ১০৯ টাকা। তবে নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে চিনির দাম কয়েক দফায় বেড়েছে। খুচরা দোকানিরা বলছেন, পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণে খুচরায়ও দাম বেড়েছে।
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, ঈদ ছাড়াও সেমাই কেনা হয় বছরে কয়েকবার। সেমাইয়ের দাম ৫ থেকে ১০ টাকা বাড়লেও চিনির দাম একটু বেশিই বেড়েছে।
বেড়েছে অন্যান্য উপকরণের দাম
দুধ ছাড়া সেমাই রান্না কল্পনা করা যায় না। এ ক্ষেত্রে সাধারণত গুঁড়া দুধের ব্যবহার বেশি হয়। সেমাইয়ের পাশাপাশি এবার সেই গুঁড়া দুধের দামও বেড়েছে। গত বছর রমজানের ঈদে যেখানে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত এক কেজি গুঁড়াদুধ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭২০ টাকায়, সেখানে এবার তা ৭৭০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বছরের ব্যবধানে কেজিতে অন্তত ৪০ টাকা বেড়েছে কিশমিশের দাম। চট্টগ্রামের বাজারে বর্তমানে ভালো মানের প্রতি কেজি কিশমিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকায়।
এ ছাড়া বাজারে প্রতি কেজি কাজুবাদাম ১ হাজার থেকে ১ হাজার ৮০ টাকা, কাঠবাদাম ৮০০ থেকে ৮৫০ টাকা ও চিনাবাদাম ২০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, সরকারের তদারকি সংস্থাগুলো ঈদের ছুটিতে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন।