সিদ্ধান্ত হতে পারে মজুরি বোর্ডের সভায় অংশগ্রহণ করা না করার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ডে আলোচনার পাশাপাশি শ্রমিকদের বিক্ষোভও চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।

রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আগামী শনিবার সংগঠনটির বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এ–সংক্রান্ত প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আজকের সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রমুখ। এ ছাড়া আশুলিয়ার বেশ কয়েকজন পোশাকশিল্প মালিকও এই সভায় উপস্থিত ছিলেন।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি বৃদ্ধির আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি। প্রতিদিনই বেশ কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিজিএমইএর তথ্যানুযায়ী, আজ বুধবারও সাভার–আশুলিয়া ও গাজীপুর এলাকায় ১৫৬ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সাভার–আশুলিয়ায়, ১৪০টি।

প্রথম আলোর সাভার প্রতিনিধি জানান, তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবারও শ্রমিক বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, কাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শনিবার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় আমরা যাব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ, আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।’

তাহলে কি আগামী সভায় মজুরি প্রস্তাব দেবে না মালিকপক্ষ—এমন প্রশ্নের উত্তরে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা প্রস্তাব দেব। তবে আলোচনায় অংশ নেব না। কারণ, আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?’

মালিকপক্ষের এমন আলোচনার প্রেক্ষিতে জানতে চাইলে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধরনের শ্রমিক ধর্মঘট ডাকি নাই। আন্দোলন করতেও আমরা শ্রমিকদের বলি নাই। শ্রমিকদের আন্দোলনে অন্য অনেক মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে আমরা মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেব।’