রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধের নির্দেশ
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দৈনন্দিন বা রুটিন কাজ ব্যতীত বোর্ডের সব সভা, অন্যান্য সভা ও যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রিহ্যাবের সভাপতির বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তদন্তকাজ চলছে। এ তদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্বাচিত সদস্যদের বিষয়ে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রিহ্যাবের রুটিন কাজ ব্যতীত কোনো ধরনের বোর্ড সভা বা সভা-সমাবেশ করা যাবে না।