বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ১৪২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে অনুদান দিল এমসিসিআই

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর হাতে চেক তুলে দিচ্ছেন এমসিসিআইয়ের সভাপতি মো. সায়ফুল ইসলাম। আজ বুধবার রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়েছবি: এমসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবাজার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪২ ব্যবসায়ী ১ লাখ টাকা করে মোট ১ কোটি ৪২ লাখ টাকা অনুদান দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকা (এমসিসিআই)।

আজ বুধবার রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ১৪২ ব্যবসায়ীর হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সভাপতি মো. সায়ফুল ইসলাম, সহসভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

এমসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বঙ্গবাজার কমপ্লেক্সে ৪ এপ্রিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে সেখানকার কয়েকটি বিপণিবিতানের পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের জীবিকা পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন।

এমসিসিআই জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন ব্যবসায়ীদের খুঁজে বের করতে এমসিসিআই সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি নামে একটি বেসরকারি স্বতন্ত্র দাতব্য সংস্থার সহায়তা নেয়। সংস্থাটি সরেজমিনে পরীক্ষা–নিরীক্ষা করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্য থেকে ১৪২ জনকে বাছাই করে।

অনুষ্ঠানে এমসিসিআইয়ের সভাপতি মো. সায়ফুল ইসলাম বঙ্গবাজারের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায়ীদের সংগঠন হিসেবে আমরা আপনাদের পাশে আছি। আপনাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করতে আমরা বদ্ধপরিকর।’

আরও পড়ুন