বাজারের ব্যাগে মাছের সঙ্গে আসা এক টুকরা বরফ। সেই বরফ পানিতে ধুয়ে খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরা, না পেয়ে মাটিতে গড়াগড়ি করে কান্না—একসময় গ্রামবাংলার অতি পরিচিত এক দৃশ্য ছিল এটি। বরফকলের সেই জাদুকরি শীতলতা আর মাছ সংরক্ষণের বড় বড় বরফখণ্ডের দিন এখন কেবলই স্মৃতি। দেশি শিল্পের অভাবনীয় বিকাশ আর প্রযুক্তির অগ্রযাত্রায় সেই ‘ব্যক্তিগত বরফ তৈরির কল’ বা রেফ্রিজারেটর এখন শহরের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত গ্রামেও। একসময়ের বিলাসদ্রব্য এখন প্রতিটি বাঙালির ঘরের এক অপরিহার্য পণ্য।
স্মৃতির বরফ থেকে আধুনিক রান্নাঘর
একটা সময় ছিল, যখন গরমের দিনে তৃষ্ণা মেটানোর একমাত্র ভরসা ছিল মাটির কলসির পানি। পচনশীল খাবার সংরক্ষণে ব্যবহার হতো রোদে শুকানো, লবণ মাখানো কিংবা মাটির নিচে গর্ত করে রাখার মতো প্রাচীন সব পদ্ধতি। নব্বইয়ের দশকেও দশ গ্রামে একটি রেফ্রিজারেটর খুঁজে পাওয়া ছিল দুষ্কর। যে গৃহস্থের বাড়িতে ফ্রিজ থাকত, এক গ্লাস ঠান্ডা পানির জন্য সেখানে ভিড় লেগে থাকত পাড়া-প্রতিবেশীর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের জরিপ বলছে, দৃশ্যপট এখন বদলে গেছে। বর্তমানে দেশের প্রায় ৫৩ দশমিক ৪ শতাংশ পরিবারের নিজস্ব রেফ্রিজারেটর রয়েছে। শহরাঞ্চলে তা ৭০ শতাংশ হলেও চমকপ্রদ তথ্য হলো, গ্রামাঞ্চলেও এখন প্রায় ৪৮ শতাংশ পরিবার রেফ্রিজারেটর ব্যবহার করছে।
বিলাসিতা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যে রূপান্তর
রেফ্রিজারেটরের বৈজ্ঞানিক ভিত্তি ১৮০০ শতকে স্থাপিত হলেও বাংলাদেশে এর বাণিজ্যিক প্রসার শুরু হয় গত শতাব্দীর আশির দশকে। তখন হিটাচি বা ন্যাশনালের মতো বিদেশি ব্র্যান্ডের রেফ্রিজারেটর ড্রয়িংরুমে থাকা মানেই ছিল আভিজাত্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ। তবে প্রকৃত বিপ্লব শুরু হয় ২০০৮ সালে, যখন দেশি ব্র্যান্ড ওয়ালটন প্রথম বাংলাদেশে রেফ্রিজারেটর উৎপাদন শুরু করে। এরপর একে একে মিনিস্টার, যমুনা, প্রাণ-আরএফএল (ভিশন), ট্রান্সকম ও ওরিয়নের মতো কোম্পানিগুলো নিজেদের কারখানা স্থাপন করে। এমনকি স্যামসাং, সিঙ্গার ও কনকার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোও এখন বাংলাদেশে যৌথ উদ্যোগে রেফ্রিজারেটর তৈরি করছে। বর্তমানে বাজারের ৯০ শতাংশ চাহিদাই মেটানো হচ্ছে স্থানীয় উৎপাদনের মাধ্যমে।
বর্তমান চিত্র (২০২৪-২৫) বাজারের আকার প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি। স্থানীয় উৎপাদন মোট চাহিদার ৯০ শতাংশ। মডেলভেদে দামের তারতম্য রয়েছে। প্রতিটি ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে মানসম্মত রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে। বিশ্বের ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।
স্মার্ট হোম ও প্রযুক্তির ছোঁয়া
চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে রেফ্রিজারেটর এখন কেবল একটি ঠান্ডা করার বাক্স নয়, এটি এখন ইন্টারনেট অব থিংস (আইওটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি স্মার্ট ডিভাইস। দেশি ব্র্যান্ডগুলো এই প্রযুক্তিগত উৎকর্ষে বিশ্বমানের নেতৃত্ব দিচ্ছে।
আধুনিক রেফ্রিজারেটরের কিছু স্মার্ট ফিচার
এআই ডক্টর: রেফ্রিজারেটরের কোনো যন্ত্রাংশ নষ্ট হওয়ার আগেই এই প্রযুক্তি আগাম সংকেত দেয় এবং ছোটখাটো ত্রুটি নিজে থেকেই সমাধান করতে পারে।
এমএসও ইনভার্টার: এটি কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে।
রিমোট কন্ট্রোল: ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে অফিসের ডেস্কে বসেই আপনার রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ
করা সম্ভব।
ন্যানো-হেলথকেয়ার: বিশেষ অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তি খাবারের পুষ্টিগুণ বজায় রাখে এবং দীর্ঘ সময় পর্যন্ত সতেজতা নিশ্চিত করে।
অর্থনৈতিক ও সামাজিক প্রভাব
রেফ্রিজারেটরের এই সহজলভ্যতা গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিয়েছে। গোয়ালার উৎপাদিত দুধ সংরক্ষণ কিংবা প্রান্তিক কৃষকের পচনশীল সবজি সতেজ রাখার মাধ্যমে এটি এখন আয়ের পথও সুগম করছে। ডায়াবেটিসের রোগীর ইনসুলিন সংরক্ষণ থেকে শুরু করে সপ্তাহের বাজার এক দিনে গুছিয়ে রাখার সুবিধা মধ্যবিত্তের জীবনযাত্রায় এনেছে গতি। ব্যবসা–বাণিজ্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। সহজ কিস্তি বা মাত্র ১০ শতাংশ ডাউন পেমেন্টে রেফ্রিজারেটর কেনার সুযোগ থাকায় নিম্ন আয়ের মানুষও এখন এই প্রযুক্তির সুফল ভোগ করছেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, আমদানিনির্ভরতা কমে আসায় বৈদেশিক মুদ্রার বিশাল সাশ্রয় হচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে লাখো মানুষের।
পরিবেশগত সচেতনতা ও ভবিষ্যৎ
শিল্পের এই প্রসারের সঙ্গে সঙ্গে পরিবেশের ঝুঁকি কমাতেও বাংলাদেশ সচেতন। একসময় রেফ্রিজারেন্টে ব্যবহৃত সিএফসি গ্যাস ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করত। বাংলাদেশে এখন সম্পূর্ণ পরিবেশবান্ধব আইসোবিউটেন গ্যাস ব্যবহার করছে। ২০৪৫ সালের মধ্যে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের ব্যবহার ৮৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তবে অনানুষ্ঠানিক সার্ভিসিং খাতে সাধারণ মেকানিকদের সঠিক প্রশিক্ষণ এবং সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব গ্যাস সরবরাহ করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের রেফ্রিজারেটর শিল্প আজ এক গর্বের নাম। দেশি চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা রেফ্রিজারেটর এখন এশিয়া ও ইউরোপের ৫০টির বেশি দেশের মানুষের রান্নাঘর শীতল করছে। প্রযুক্তির এই জয়যাত্রায় বাংলাদেশ অদূর ভবিষ্যতে বৈশ্বিক রেফ্রিজারেটর শিল্পের প্রধান রপ্তানি হাবে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। স্মার্ট হোম সাজাতে প্রযুক্তিনির্ভর ও বিদ্যুৎ–সাশ্রয়ী একটি রেফ্রিজারেটর হতে পারে আপনার শ্রেষ্ঠ বিনিয়োগ।