চীন সফরে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ঢাকা চেম্বারের ২২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল কাল বুধবার চীনের গুয়াংজু শহরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদার করা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ করা। এ ছাড়া দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অন্বেষণ করা। আজ মঙ্গলবার ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি রাজীব এইচ চৌধুরী। এ দলে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, সিরামিক, তথ্যপ্রযুক্তি, অটোমোটিভ, শিল্পকারখানার তেল ও গ্রিজ, শিপিং ও লজিস্টিকস সেবা, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং তৈরি পোশাক খাতের রপ্তানিকারক ও আমদানিকারকেরা রয়েছেন।

সফরকালে প্রতিনিধিদলটি চীনের শীর্ষস্থানীয় বাণিজ্য উন্নয়ন সংস্থা ও চেম্বারের সঙ্গে একাধিক বিজনেস ফোরাম এবং বি-টু-বি নেটওয়ার্কিং অধিবেশনে অংশগ্রহণ করবে। এসব সংস্থার মধ্যে রয়েছে সিসিপিআইটি গুয়াংজু, সিসিপিআইটি গুয়াংজু নানশা, গুয়াংজু নানশা সার্ভিসেস ট্রেড অ্যাসোসিয়েশন, গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টারস অ্যান্ড এক্সপোর্টারস, চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই) এবং গুয়াংজু ওভারসিজ এন্টারপ্রাইজেস চেম্বার অব কমার্স।

এই সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ক্যান্টন ফেয়ারে অংশ নেবে। এ ছাড়া প্রতিনিধিদলটি গুয়াংজু সোর্সিং ফেয়ারেও অংশ নেবে।