সোনার দাম কমেছে, ভরিতে ৩,২৬৬ টাকা
দেশের বাজারে সোনার দাম কমেছে। এর মধ্য দিয়ে সোনার দাম আবার ভরিপ্রতি আড়াই লাখ টাকার নিচে নেমে এল। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে।
এর আগে ১৫ এপ্রিল সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়। তখন ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।
মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা; প্রতি ভরি ২১ ক্যারেটের ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা; ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
মূলত বিশ্ববাজারে মূল্যহ্রাসের কারণে সোনার দাম কমানো হয়েছে। গোল্ডপ্রাইস ডটকমের তথ্যানুযায়ী, আজ এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৭০৪ ডলার। এর আগে যখন দাম বাড়ানো হয়, তখন দাম ছিল ৪ হাজার ৮২৭ ডলার। অর্থাৎ এ সময়ের মধ্যে সোনার দাম কমেছে ১২৩ ডলার।
মাঝে কিছুদিন বিশ্ববাজারে সোনার কমেছে। তবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৮১ ডলার বেড়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সামগ্রিকভাবে বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এর কারণ হলো, সোনার দাম এমনিতেই বাড়তি। ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।
এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এর আগে রুপার দাম ছিল ভরিপ্রতি ৬ হাজার ৬৫ টাকা।
গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।