আবার কমল সোনার দাম, ঈদের পর মোট কমেছে ১৫,৩৩৯ টাকা
বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমায় দেশেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশের বাজারে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯১ টাকা। আজ বুধবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সবশেষ ৬ জুন সকালে দেশে সোনার দাম সমন্বয় করা হয়। ওই দিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।
এর আগে ২ জুন সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ ঈদের পর সোনার দাম ভরিতে কমল ১৫ হাজার ৩৩৯ টাকা।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা।
এদিকে আজ রুপার দাম কমেছে ৩৫০ টাকার বেশি—এখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।
বিশ্ববাজারে ২০২৫ সালে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় ওঠে। তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪১৬ ডলার কমেছে। এর মধ্যে কেবল আজ কমেছে ৬৮ ডলার।
বিশ্ববাজারে সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ১৯৪ ডলার। যদিও চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল।