চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল
টানা চারবার কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।
এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। এরপর আজ দাম বাড়ল। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা আর সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গয়না বিক্রি হয়েছে।
বিশ্ববাজারে কমছে সোনার দাম
চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম কমছেই। তবে ২৫ অক্টোবর যখন শেষবার সোনার দাম কমানো হয়, সেদিন সোনার দাম ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৫ ডলার। আজ দাম ৪ হাজার ৩৬ ডলার। অর্থাৎ এই সময় দাম বেড়েছে ৪১ ডলার। তবে সামগ্রিকভাবে গত এক মাসে সোনার দাম আউন্সপ্রতি ৮৭ ডলার কমেছে।
সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলার–ভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ছয় মাসে সোনার দাম কমেছে ৪৮৬ ডলার।