আওয়ামী রাজনীতিবিদদের হাতেই এফবিসিসিআইয়ের পরবর্তী শীর্ষ নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবিসিসিআই লোগো

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২৩ পরিচালক পদে ভোটের লড়াইয়ে চমক দেখালেও শীর্ষ নেতৃত্ব নির্বাচনে ‘সমঝোতায়’ বশ মানল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এ কারণে ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকেই। গতকাল বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয়জন সহসভাপতি নির্বাচিত হন। তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। কয়েকজন বিভিন্ন পদেও আছেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে শীর্ষ নেতৃত্ব নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সঙ্গে সমঝোতা হয় ব্যবসায়ী ঐক্য পরিষদের। গত সোমবার ২৩ পরিচালক পদে ভোটের লড়াইয়ে ১৫টিতে জিতেছিল সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনীত প্রার্থীরা। পরিচালক পদে ভোটে চমক দেখিয়ে শীর্ষ নেতৃত্বের নির্বাচনেও অংশ নেওয়ার কথাও জানিয়েছিল প্যানেলটির আহ্বায়ক। কিন্তু এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন সভাপতির হস্তক্ষেপে পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে। ফলে কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই ব্যবসায়ী ঐক্য পরিষদ তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছে। কয়েক দিনের মধ্যে সংগঠনটির নতুন নেতৃত্ব তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।

এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ মেয়াদের জন্য সভাপতি কে হচ্ছেন, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শেষে গতকাল ব্যবসায়ী সংগঠনের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি আবার আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। আর জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি মো. আমিন হেলালী। তিনি এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদের সহসভাপতি ছিলেন।

এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম
ছবি- সংগৃহীত

এ ছাড়া ছয়জন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বারের সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা, গাজীপুর চেম্বারের সভাপতি ও আওয়ামী লীগের শিল্প-বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যশোধা জীবন দেবনাথ, ই-কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শমী কায়সার, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে রাশেদুল হোসেন চৌধুরী এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও আওয়ামী লীগের শিল্প-বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মুনির হোসেন। এঁদের মধ্যে শুধু শমী কায়সার ও রাশেদুল হোসেন চৌধুরী গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হন। বাকিরা মনোনীত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক।

সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি মিলিয়ে আটজন শীর্ষ নেতৃত্বের মধ্যে ছয়জনই বর্তমানে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বাকি দুজন বর্তমানে কোনো কমিটিতে না থাকলেও আগে আওয়ামী লীগের উপকমিটিতে ছিলেন। এর ফলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যবসায়ীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আবার নির্বাচিতদের মধ্যে দেশের বড় কোনো শিল্প গ্রুপ বা বড় ব্যবসায়ী প্রতিনিধি নেই।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ ৮০ সদস্যবিশিষ্ট। এর মধ্যে মনোনীত পরিচালকের পদ আছে ৩৪টি। এই ৩৪টি মনোনীত পরিচালকের মধ্যে বর্তমানে ২টি পদ খালি রয়েছে। ফলে মনোনীত পরিচালক রয়েছেন ৩২ জন। বাকি ৪৬টি পদের মধ্যে ২৩টি করে অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপের জন্য সংরক্ষিত। সাধারণত এই ৪৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এবার চেম্বার গ্রুপের ২৩ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা ভোটে নির্বাচিত হন। অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে গত সোমবার নির্বাচন হয়। তাতে ১৫টিতে বিজয়ী হয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা। আর ৮টিতে জয় পান নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা। সেই হিসাবে ৭৮ সদস্যের এফবিসিসিআইয়ের নতুন কমিটির মধ্যে ৬৩ জনই ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের। বাকি ১৫ জন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের।