ঐক্য পরিষদকে সমর্থন দিল চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলকে সমর্থন দিয়েছেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। গত সোমবার রাতে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ঐক্য পরিষদ প্যানেলের এক আলোচনা সভায় উপস্থিত ব্যবসায়ীরা হাত তুলে এ সমর্থন দেন। ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভার আলোচনার বিষয় ছিল ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যাত্রায় বন্দরনগরীর তাৎপর্য’। তবে আলোচনা সভা হলেও তা রূপ নেয় ঐক্য পরিষদের পরিচিতি সভায়। সভায় মেট্রোপলিটন চেম্বার, উইমেন চেম্বার, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের ব্যবসায়ীরা বক্তব্য দেন।

সভায় ঐক্য পরিষদের নেতা ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পেরেছেন। এ সময়ে এক দিনের জন্যও চট্টগ্রাম বন্দর বন্ধ হয়নি। ব্যবসা-বাণিজ্যের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক্সপ্রেসওয়ে নির্মাণসহ ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ সভায় আমলাদের কঠোর সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুকন্যা যেটা চান, কিছু আমলা তার উল্টোটা করছেন। আগামী দিনে কোনো আমলা ব্যবসায়ীদের অপমানিত করলে ব্যবসায়ীরা ওই আমলাকে ঘেরাও করবেন।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, ঐক্য প্যানেলের নেতা মাহবুবুল আলমের যোগ্য নেতৃত্বে ব্যবসায়ীরা উপকৃত হবেন। চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হলেও এখনো ব্যবসা পরিচালনার জন্য অন্তত ১৭টি দলিল ঢাকা থেকে নিতে হয়। ঐক্য পরিষদের প্যানেল নির্বাচিত হলে এই সমস্যা সমাধান হবে বলে আশা করেন তিনি।

চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি তরফদার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী, সী কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিজিএমইএ প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল আলম প্রমুখ বক্তব্য দেন।

সভা শুরুর আগে ঐক্য পরিষদ থেকে পরিচালক পদপ্রার্থী ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীরা যেন নেতৃত্ব দিতে পারেন, সে জন্য ঐক্য পরিষদের প্যানেল কাজ করব। এই প্যানেল নির্বাচিত হলে সংগঠনে নতুন ধারা আসবে।