অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তাকে স্বাধীন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বাধীনতার মাসে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তাদের স্বাধীন করতে হবে। জনগণকে অধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকতে হবে। নিজ অধিকার সম্পর্কে জানলে জনগণ সোচ্চার হয়ে উঠবে। এতে অধিদপ্তরের কাজ অনেক সহজ হবে।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস–২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য হলো ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।

আসন্ন রমজানে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর জোর দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, ওই বাজারে চাহিদা অনুযায়ী সব পণ্যের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। অসাধু ব্যবসায়ীরা যেন ভোক্তাদের হয়রানি করতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল কাঠামো বৃদ্ধি করা জরুরি বলে মত দেন তিনি।

চট্টগ্রাম বন্দরে পণ্যের মান পরীক্ষা নিয়ে অভিযোগ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে মান কর্তৃপক্ষ বিএসটিআইয়ের পরীক্ষার ফলাফল পেতে যে সময় ব্যয় হয়, তার মধ্যেই বাজারে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। বাজারে পণ্যের সরবরাহ সচল রাখতে এই প্রক্রিয়ায় আরও গতি আনতে হবে।

জসিম উদ্দিন আরও বলেন, ডিজিটাল সেবা নিতে গিয়ে কোনো ভোক্তা যেন প্রতারিত বা ভোগান্তির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, ভোক্তাদের মোট আটটি অধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ভোক্তাদের সেই অধিকার সংরক্ষিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন এবং কোনো ধরনের ভোগান্তির শিকার হলে দ্রুত আমাদের জানান। ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ করা যাবে।’

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোক্তা অধিকার আইনের প্রয়োগ জোরদার করতে হবে। আইনের আওতায় শুধু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেই হবে না, ভোক্তাদের সুরক্ষায় ফৌজদারি ও দেওয়ানি প্রতিকারের ব্যবস্থা নিতে হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি সংস্থা। সংস্থাটি পণ্য ও পরিষেবাসংক্রান্ত ভোক্তাদের অভিযোগ গ্রহণ, অভিযোগ নিষ্পত্তি ও ভোক্তাদের অধিকার অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে কাজ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর অধীনে সব কার্যক্রম পরিচালিত হয়।