তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে গত এপ্রিলে। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচন হবে ২০২৩ সালের এপ্রিলে। তার মানে নির্বাচনের বাকি আরও ১৫-১৬ মাস। তবে ইতিমধ্যে বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম সংগঠনটির আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে ফয়সাল সামাদের নাম ঘোষণা করেছে। তিনি একাধিকবার বিজিএমইএর সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজধানীর সেনা মালঞ্চে গতকাল মঙ্গলবার রাতে ফোরামের আয়োজনে ‘বিজয়ের মাসে হেমন্ত আড্ডা’ শিরোনামে এক অনুষ্ঠানে বিজিএমইএর আগামী নির্বাচনের জন্য প্যানেল লিডার হিসেবে ফয়সাল সামাদের নাম ঘোষণা করেন জোটটির নেতারা। একই সঙ্গে ফোরামের নতুন সভাপতি হিসেবে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামকে চূড়ান্ত করা হয়। দীর্ঘদিন ধরে ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয় স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের আলোকে এ অনুষ্ঠানে আড্ডা, গান ও মেজবানে বিজিএমইএর হাজারখানেক সদস্য উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে ফোরামের বিদায়ী সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ নতুন সভাপতি হিসেবে এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুস সালামকে পরিচয় করিয়ে দেন। এরপর বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান, রুবানা হকসহ ফোরামের জ্যেষ্ঠ নেতারা মঞ্চে আগামী নির্বাচনের জন্য জোটের দলনেতা হিসেবে ফয়সাল সামাদের নাম ঘোষণা করেন।
ফোরাম জানায়, আগামী নির্বাচনের দলনেতা ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিজিএমইএর সাবকে সভাপতি আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান ও আবদুস সালাম, বর্তমান পরিচালক আসিফ ইব্রাহিম প্রমুখ।