আপেলের কার্টনে সাড়ে ছয় কোটি টাকার সিগারেট আমদানি
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আনা ফলের কনটেইনার থেকে সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার শীতাতপনিয়ন্ত্রিত কনটেইনার খুলে এই সিগারেট জব্দ করেন তাঁরা।
কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারের চালানে ১ হাজার ১২০টি কার্টন ছিল। এর মধ্যে ৭৫৪টি কার্টনের ওপরে আপেল রেখে নিচে বিদেশি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট লুকানো ছিল। চালানটি আমদানি করেছে চট্টগ্রামের রেলওয়ে মেন্স সুপার মার্কেটের মারহাবা ফ্রেশ ফ্রুটস। প্রতিষ্ঠানটি আমদানি নথিতে মিথ্যা ঘোষণা দিয়ে আপেলের পরিবর্তে সিগারেট আমদানি করে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সালাহউদ্দিন রিজভী প্রথম আলোকে বলেন, জব্দ করা সিগারেটের দাম ১ কোটি ৩৭ লাখ টাকা। এভাবে অবৈধ উপায়ে সিগারেট এনে প্রায় ৫ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, দেশে সিগারেট শর্ত সাপেক্ষে আমদানি করতে হয়। এটির ওপর আমদানি মূল্যের চেয়ে প্রায় পাঁচ গুণ শুল্ক আরোপ হয়। সে অনুযায়ী জব্দ হওয়া সিগারেটের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের পোর্ট কন্ট্রোল ইউনিট ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় রপ্তানিকারক, রপ্তানিকারকের ওয়েবসাইট, প্রস্তুতকারক দেশ এবং আমদানিকারকের ব্যবসায়ের ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এই চালান শনাক্ত করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।