আবারও বিশ্বের দামি ব্র্যান্ডের শীর্ষে অ্যাপল

প্রযুক্তি কোম্পানির পর তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে খুচরা বিক্রয়কারী কোম্পানিগুলো।

  • ২০২১ সালে খাত হিসেবে সবচেয়ে দ্রুত বিকাশ হয়েছে ওষুধ খাতের।

  • গত বছর খুচরা বিক্রয়কারী কোম্পানিগুলোর ব্র্যান্ড মূল্য বেড়েছে ৪৬ শতাংশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: ব্র্যান্ড ফাইন্যান্স, গ্লোবাল ৫০০, ২০২২

আবারও বিশ্বের মূল্যবান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল-আইফোন ও ম্যাকবুকের জন্য যারা বিখ্যাত। ২০২২ সালের জন্য কোম্পানির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫১০ কোটি ডলার। গত এক বছরে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালেও তাদের ব্র্যান্ড মূল্য ছিল সর্বোচ্চ।

ব্র্যান্ড মূল্যের দিক থেকে অ্যাপল সবার ওপরে থাকলেও ২০২২ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে চীনা সামাজিক মাধ্যম উই চ্যাট। তারা এ বছর রেটিংও পেয়েছে এএএ‍+।

সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড নেতৃত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

২০২২ সালের জন্য যেসব কোম্পানির ব্র্যান্ড মূল্য সর্বাধিক নির্ধারিত হয়েছে, তাদের বেশির ভাগই প্রযুক্তি কোম্পানি। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনা কোম্পানির প্রাধান্য। ব্র্যান্ড ফাইন্যান্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালিকায় অ্যাপলের পরই আছে আমাজন ও গুগল। তবে সবচেয়ে বিস্ময় উদ্রেক করেছে চীনা সামাজিক মাধ্যম টিকটক। এ বছরই তারা প্রথম তালিকায় স্থান পেয়েছে। আর ২০২১ সালে তাদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২১৫ শতাংশ। এখন বৈশ্বিক মিডিয়া বিক্রয় খাতে তারাই সবার আগে। ফলে এ বছর তারা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

অন্যদিকে গত দুই বছরে প্রযুক্তি খাতের পাশাপাশি ওষুধ খাতের দ্রুত বিকাশ হয়েছে। মহামারিতে ওষুধের ব্যবহার বৃদ্ধির কারণে এটি ঘটেছে। সেই সঙ্গে টিকাদান আছেই। ফলে ২০২১ সালে খাত হিসেবে সবচেয়ে দ্রুত বিকাশ হয়েছে ওষুধ খাতের।

প্রযুক্তি কোম্পানির পর তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে খুচরা বিক্রয়কারী কোম্পানিগুলো। গত বছর তাদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ৪৬ শতাংশ।

ব্র্যান্ড কী

ব্র্যান্ডের বাংলা করা যায় মার্কা, যেমন হাঁস মার্কা নারকেল তেল। এখানে আস্থা হচ্ছে অন্যতম প্রধান নিয়ামক।

রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে পোশাকের ব্র্যান্ডগুলো এখন শীতের পোশাকে দেদার ছাড় দিচ্ছে। কিন্তু সবাই যে একই হারে ক্রেতা পাচ্ছে, তা নয়। এমনকি কাছাকাছি মানের ব্র্যান্ডগুলোর মধ্যেও আকাশ-পাতাল তফাত খালি চোখেই ধরা পড়ে। যেমন সম্প্রতি এক শুক্রবার দুপুরবেলা রাজধানীর যমুনা ফিউচার পার্কে দেখা গেল, পুরো বিপণিবিতানে সব ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে বিশাল ছাড় চলছে, কিন্তু সব ক্রেতা যেন ভিড় করেছেন একটি ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে। সেদিন দুপুরবেলা যমুনা ফিউচার পার্কের সব ক্রেতা যেন ওই ব্র্যান্ডের পোশাক কেনার জন্যই গিয়েছিলেন। এটাই ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থার প্রতীক। শুধু বেশি রাজস্ব আয় করলেই এই আস্থা অর্জন করা যায় না।

ব্র্যান্ড ফাইন্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড হেই প্রতিবেদনে বলেছেন, ‘ব্র্যান্ড হিসেবে অ্যাপলের প্রতি সারা বিশ্বের বিপুলসংখ্যক মানুষ অনুগত—মূলত মান ও উদ্ভাবনের বদৌলতে তারা ক্রেতাদের এই আস্থা অর্জন করেছে। বছরের পর বছর ধরে অ্যাপল কোম্পানি পণ্যের মান নিয়ন্ত্রণে যে বিপুল শ্রম দিয়েছে, তার কারণে অ্যাপলের পণ্য একধরনের সাংস্কৃতিক বিষয়ে পরিণত হয়েছে। অ্যাপল এখন ভার্চ্যুয়াল রিয়্যালিটি ও বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগ করবে—এমন খবরে অ্যাপলের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ছে।’

আবার পণ্যের দামও ব্র্যান্ড মূল্য নির্ধারণে ভূমিকা রাখে। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ গত বছরের জুলাই মাসে এক ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, ‘কিছু কিছু অতি দামি ব্র্যান্ডের পণ্যের দাম এত বেশি রাখা হয় বলেই ওই সব পণ্যের চাহিদা তৈরি হয়, যা অর্থনীতির চাহিদা তত্ত্বের (দাম বাড়লে চাহিদা কমে) ঠিক উল্টো। সুইজারল্যান্ডের পাতেক ফিলিপ ব্র্যান্ডের সবচেয়ে কম দামের হাতঘড়ির দামও সাড়ে বারো হাজার মার্কিন ডলার, কিন্তু সে তুলনায় ১০০ ডলারের একটি জাপানি সিটিজেন বা ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি তেমন কোনো খারাপ সময় দেবে না। সমাজের বিত্তবানদের নিজেদের আলাদা শ্রেণি হিসেবে জাহির করার প্রবণতা থেকেই এ ধরনের অতি দামি ব্র্যান্ডের পণ্যের চাহিদা তৈরি হয়।’

নেতৃত্বের ভূমিকা

প্রতিবেদনে ব্র্যান্ডের নেতাদেরও এক তালিকা দেওয়া হয়েছে। ১০০-এর মধ্যে ৮৮ দশমিক ৩ নম্বর পেয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সবার ওপরে আছেন। এরপরই আছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই আছেন পাঁচ নম্বরে।

ব্র্যান্ড নির্মাণে নেতৃত্বের ভূমিকা প্রসঙ্গে ব্র্যান্ড ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ডেভিড হেই বলেন, মোদ্দা কথা হলো, ব্র্যান্ডের অভিভাবক বা নেতার কাজ হলো, ব্র্যান্ড নির্মাণ ও ব্যবসার মূল্য তৈরি করা। এই তালিকায় যাঁরা টেকসইভাবে এই কাজটি করছেন, তাঁদের তুলে আনা হয়েছে, অর্থাৎ সব অংশীদারের চাহিদা যাঁরা পূরণ করতে পারছেন—কর্মী, বিনিয়োগকারী ও সামগ্রিকভাবে বৃহত্তর সমাজ—সবার। টেকসই ভবিষ্যৎ নির্মাণে এই প্রধান নির্বাহীদের একযোগে কাজ করা উচিত।