রিহ্যাবের সংবাদ সম্মেলন
আবাসন সমস্যা জটিল হবে
প্রস্তাবিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০২১ চূড়ান্ত হলে ভবনের ন্যূনতম ৩৩-৫৩ শতাংশ আয়তন হ্রাস পাবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০১৬-২০৩৫ সালের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন করছে। সেটির আলোকে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০২১ তৈরি করা হচ্ছে। এরই মধ্যে বিধিমালার খসড়া করা হয়েছে। খসড়া বিধিমালাটি শেষ পর্যন্ত চূড়ান্ত করা হলে তাতে আবাসিক ভবনের আয়তন ৩৩ থেকে ৫৩ শতাংশ পর্যন্ত কমে যাবে। আর তাতে ফ্ল্যাটের দাম ন্যূনতম ৫০ শতাংশ বাড়বে। এতে আবাসন খাতে সমস্যা আরও জটিল হয়ে উঠবে। মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেছেন, রাজউক ঢাকার জনঘনত্ব কমানোর জন্য এমন পরিকল্পনা করছে। কিন্তু জীবিকা, উপার্জন, চিকিৎসা, উন্নত শিক্ষা, বিচার–সালিসের জন্য এখনো দেশের মানুষের কাছে একমাত্র কেন্দ্রস্থল ঢাকা। এই ব্যবস্থাগুলো যতক্ষণ পর্যন্ত অন্যত্র ছড়িয়ে দেওয়া যাবে না, ততক্ষণ ঢাকা শহরের জনসংখ্যা কমানো বা ঢাকায় অভিবাসনে বাধা দেওয়া অলীক স্বপ্ন ছাড়া কিছুই নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, ২০০৮ সালের ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, ২০ ফুট সড়কসংলগ্ন ৫ কাঠা জমিতে সর্বোচ্চ ৮ তলাবিশিষ্ট ভবন বা মোট সাড়ে ১৩ হাজার বর্গফুট নির্মাণের অনুমতি পাওয়া যেত। আর প্রস্তাবিত বিধিমালা বাস্তবায়িত হলে সমপরিমাণ জায়গায় নির্মাণ করা যাবে সর্বোচ্চ ৫ তলাবিশিষ্ট বা মোট ৯ হাজার বর্গফুটের ভবন। তবে ২০ ফুটের চেয়ে কম প্রশস্তের সড়কের ক্ষেত্রে ভবনের উচ্চতা ৩-৪ তলার বেশি হতে পারবে না। ভবনের আয়তন কমে গেলে জমির মালিকেরা পরিকল্পিত বা চাহিদা অনুযায়ী ফ্ল্যাট কখনোই পাবেন না। আর ফ্ল্যাটের সংখ্যা কমে গেলে তার কারণে বাসাভাড়াও বেড়ে যাবে।
রাজউকের এলাকায় মোট স্থাপনা রয়েছে ২১ লাখের বেশি। তার মধ্যে ৮৪ শতাংশ একতলাবিশিষ্ট স্থাপনা। ছয় তলার বেশি স্থাপনা মাত্র দশমিক ৬৭ শতাংশ। আটতলার বেশি স্থাপনা মাত্র দশমিক ১৬ শতাংশ। এমন তথ্য দিয়ে রিহ্যাব সভাপতি বলেন, ভবনের আয়তন বা উচ্চতা ঢাকা শহরের জনঘনত্ব কমানোর হাতিয়ার রূপে ব্যবহার করার চেষ্টা কতটুকু বাস্তবসম্মত, সেটি প্রশ্নবিদ্ধ। প্রস্তাবিত ড্যাপ ও বিধিমালা চূড়ান্ত অনুমোদনে নগর–পরিকল্পনাবিদ, স্থপতি, পেশাজীবী ও খাত–সংশ্লিষ্ট অংশীদারদের মতামত নেওয়ার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাব সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা। তিনি বলেন, আবাসন প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে অনেক জমিতে আবাসন প্রকল্প করতে চুক্তি করেছে। হঠাৎ করে নীতি পরিবর্তন করা হলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ, নজরুল ইসলাম, শরীফ আলী খান প্রমুখ।