ইলিশ গবেষণার জাহাজ তৈরি করল খুলনা শিপইয়ার্ড
এবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণায় যুক্ত হলো এক জাহাজ। জাহাজটি তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড। আজ মঙ্গলবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের হাতে জাহাজ হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই জাহাজ নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ বাসার বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ নৌবাহিনী, নৌপরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স, মেরিন ফিশারিজ একাডেমির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এই ইলিশ গবেষণা জাহাজ তৈরি করা হয়। গবেষণা জাহাজে ফিশ ফাইন্ডার, ইকো সাউন্ডার, নেভিগেশন, অত্যাধুনিক টেলি যোগাযোগব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, ইলিশ গবেষণা ল্যাবরেটরি, নেটিং সিস্টেম, ছোট ভ্রাম্যমাণ হ্যাচারিসহ আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ফলে জাহাজটি দেশের ইলিশ গবেষণায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
জাহাজ পরিচালনার জন্য ইনস্টিটিউটের ১০ জন কর্মকর্তা ও কর্মচারী ১৪ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন।
এম এ বাসার আরও বলেন, খুলনা শিপইয়ার্ডের নিজস্ব ডিজাইনে তৈরি এই গবেষণা জাহাজের সাহায্যে দেশের প্রায় সব নদ-নদী ও সাগর উপকূলে ইলিশবিষয়ক গবেষণা পরিচালনা করা সম্ভব হবে। গবেষণার ফলাফল ইলিশের ধারাবাহিক উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে। এই জাহাজ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সার্বিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ।