ইস্পাতের বাজারে যুক্ত হচ্ছে জাপানের নিপ্পন

বঙ্গবন্ধু শিল্পনগরে প্রথম উৎপাদনে যাচ্ছে নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হবে এই প্রতিষ্ঠানের তৈরি ইস্পাত পণ্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারি ও বেসরকারি দুভাবেই বহুতল ভবনসহ বড় বড় অবকাঠামো গড়ে উঠছে। আর অবকাঠামো নির্মাণে মানুষের রুচি-পছন্দেও বৈচিত্র্য এসেছে। ফলে সিমেন্টের পাশাপাশি দিন দিন ইস্পাতের ব্যবহারও বাড়ছে।

বাংলাদেশে ইস্পাতের চাহিদা বাড়তে থাকায় এই খাতে যুক্ত হয়েছে জাপানি কোম্পানি নিপ্পন স্টিল করপোরেশন। বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে স্টিল প্লেট উৎপাদন করতে যাচ্ছে নিপ্পন। চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে প্রতিষ্ঠিত তাদের নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ নামের ইস্পাত কারখানায় আগামী জুলাইয়ে উৎপাদন শুরু হবে। সে ক্ষেত্রে নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ডই হবে বঙ্গবন্ধু শিল্পনগরে পণ্য উৎপাদনকারী প্রথম কারখানা।

বঙ্গবন্ধু শিল্পনগরে মোট ১০০ একর জমি পেয়েছে নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ। এ নিয়ে ২০১৮ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমির ইজারা চুক্তি সই করে দুই কোম্পানি। ২০১৯ সালে শুরু হয় ভূমি উন্নয়নের কাজ। সব মিলিয়ে আড়াই বছরের মধ্যে কারখানা নির্মাণের কাজ শেষ। এখন কেবল উৎপাদন শুরুর অপেক্ষা।

বেজার তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দেশে বড় বড় অবকাঠামো নির্মাণে ইস্পাতের ব্যবহার বেড়েছে। যেমন যশোরের ১৪ তলাবিশিষ্ট শেখ হাসিনা আইটি পার্ক পুরোপুরি ইস্পাত দিয়ে তৈরি। সিলেটের হাইটেক পার্কের অবকাঠামোও ইস্পাতের। ঢাকায় মেট্রোরেলের ১৯টি স্টেশন তৈরি হচ্ছে ইস্পাত দিয়ে।

জানতে চাইলে ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক সাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘আমরা দিনরাত কাজ করে খুব কম সময়ের মধ্যেই কারখানা নির্মাণের কাজ শেষ করতে সক্ষম হয়েছি। আশা করছি, জুলাইয়ের মধ্যেই আমরা উৎপাদনে যেতে পারব।’ তিনি বলেন, ‘১০০ একর জমিতে আমরা দুটি কারখানা নির্মাণ করেছি। একটিতে স্টিলের কাঠামো তৈরি এবং অন্যটিতে প্লেট প্রক্রিয়াকরণ করা হবে।’ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও ইস্পাত রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বেজার তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দেশে বড় বড় অবকাঠামো নির্মাণে ইস্পাতের ব্যবহার বেড়েছে। যেমন যশোরের ১৪ তলাবিশিষ্ট শেখ হাসিনা আইটি পার্ক পুরোপুরি ইস্পাত দিয়ে তৈরি। সিলেটের হাইটেক পার্কের অবকাঠামোও ইস্পাতের। ঢাকায় মেট্রোরেলের ১৯টি স্টেশন তৈরি হচ্ছে ইস্পাত দিয়ে। পদ্মা সেতুর টোল প্লাজার কাঠামো তৈরিতেও ব্যবহৃত হচ্ছে ইস্পাত। চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের ঘুমধুম পর্যন্ত যেসব রেলসেতু নির্মিত হচ্ছে, সেগুলোও ইস্পাতের।

ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বলছেন, দেশে-বিদেশে দিন দিন ইস্পাতের চাহিদা বাড়ছে। এ জন্য জাপানি প্রতিষ্ঠান নিপ্পনের সঙ্গে তাঁরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যৌথভাবে মোট ৬ কোটি ডলার বিনিয়োগ করছেন, যা দেশীয় মুদ্রায় ৫১০ কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। জাপান থেকে আমদানি করা ইস্পাত দিয়ে কারখানা দুটির অবকাঠামো গড়ে তোলা হয়েছে। জাপান, নেদারল্যান্ডস, ভারত ও চীন থেকে আনা কাঁচামাল ব্যবহার করে দুই কারখানায় ইস্পাত পণ্য উৎপাদন করা হবে।

জাপানের একটি বিখ্যাত কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে, এটা সবচেয়ে বড় ইতিবাচক দিক। বঙ্গবন্ধু শিল্পনগরে প্রথমবারের মতো উৎপাদনে যাচ্ছে নিপ্পন ও ম্যাকডোনাল্ড। তাদের রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অবকাঠামো নির্মাণ করে দেওয়া আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল।
পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

জাপানের নিপ্পন স্টিল বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি বর্তমানে বিশ্বব্যাপী ইস্পাত খাতের উচ্চ মূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানি করছে। জাপানে তাদের ১৬টি কারখানা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, চীন, ভিয়েতনামসহ ১৫টি দেশে তাদের বিনিয়োগ রয়েছে।
অন্যদিকে গাজীপুরে ২৫ একর জমিতে ১৯৯৮ সালে স্থাপিত ম্যাকডোনাল্ড স্টিলের কারখানায় আবাসিক ভবন, পণ্যগুদাম, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও এভিয়েশনের হ্যাঙ্গারে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইস্পাত উৎপাদিত হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জাপানের একটি বিখ্যাত কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে, এটা সবচেয়ে বড় ইতিবাচক দিক। বঙ্গবন্ধু শিল্পনগরে প্রথমবারের মতো উৎপাদনে যাচ্ছে নিপ্পন ও ম্যাকডোনাল্ড। তাদের রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অবকাঠামো নির্মাণ করে দেওয়া আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। আমরা তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছি। তারা আমাদের ওপর আস্থা রেখেছে। আমরা সেই আস্থার প্রতিদান দিয়েছি।’

নিপ্পন ও ম্যাকডোনাল্ড থেকে পাওয়া তথ্য বলছে, দুটি কারখানা থেকে আগামী পাঁচ বছরে প্রায় তিন লাখ টন স্টিলের প্লেট উৎপাদনের লক্ষ্য রয়েছে। এর মধ্যে আড়াই লাখ টন দেশের বাজারে বিক্রি এবং বাকি ৫০ হাজার টন বিদেশে রপ্তানি করা হবে।
বেজার কর্মকর্তারা বলছেন, ইস্পাতের ভবন বা প্রি-ফেব্রিকেটেড ভবন তৈরি অপেক্ষাকৃত সহজ। এসব ভবন তৈরিতে খরচ কম। সময়ও কম লাগে। তাই দেশে ইস্পাতের তৈরি অবকাঠামো নির্মাণ দিন দিন বাড়ছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। এটি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এখন পর্যন্ত দেশি-বিদেশি ৭৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার একরের মতো জমি বুঝিয়ে দিয়েছে বেজা। নিপ্পন ও ম্যাকডোনাল্ডের পাশাপাশি সেখানে এখন অন্তত ১০টি কোম্পানির কারখানার নির্মাণকাজ দৃশ্যমান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়ান পেইন্টস, বসুন্ধরা গ্রুপ, মডার্ন সিনটেক্স, আরমান হক ডেনিম, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি ও জিনইয়ান কেমিক্যাল কোম্পানি। জিনইয়ান কেমিক্যাল কারখানাটিও উৎপাদন শুরু করার পর্যায়ে রয়েছে।