ঈদে ভালো ব্যবসার আশা পর্যটনশিল্পের ব্যবসায়ীদের

তিন দিনের পর্যটন মেলায় একজন নারী দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেজের খোঁজ খবর নিচ্ছেন। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার কারণে কয়েক মাস বন্ধ ছিল অভিযাত্রিক নামে দেশীয় একটি ট্রাভেল কোম্পানির কার্যক্রম। এরপর গত বছরের মাঝামাঝি সময় থেকে নতুন করে গ্রাহক পেতে শুরু করে তারা। আসন্ন ঈদ মৌসুমে বিভিন্ন ভ্রমণ প্যাকেজ নিয়ে পর্যটকদের জানান দিতে অংশ নিয়েছে পর্যটন মেলায়।

অভিযাত্রিকের সহ–উদ্যোক্তা নাদিম সরকার বলেন, ‘আমরা দেশীয় পর্যটনকে গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশের সব পর্যটন এলাকাতেই কাজ আছে আমাদের। আশা করছি, এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে সেতুবন্ধনের কাজটি করতে পারব আমরা।’ মেলা উপলক্ষে সব ধরনের ভ্রমণে ১০ শতাংশ ছাড়ের কথাও জানান তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ বুধবার শুরু হওয়া তিন দিনের পর্যটন মেলা উদ্বোধনের পর অভিযাত্রিকের সহ–উদ্যোক্তা নাদিম সরকারের সঙ্গে কথা হয়। দশম মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় (বিটিটিএফ) প্রায় ৮০টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল কোম্পানি, এজেন্ট, হোটেল, রিসোর্ট ও পরিবহন কোম্পানি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে দেশের পর্যটনশিল্প খাতের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। আর সহযোগিতায় আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, এফবিসিসিআই ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানই পর্যটকদের জন্য প্যাকেজ আকারে ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং করে দেওয়ার বিভিন্ন অফার দিচ্ছে।

ঈদ সামনে রেখে গ্রাহকের মনোযোগ পেতে মেলায় অংশ নিয়েছেন বলে জানালেন ট্রাভেল কোম্পানি সাইমন হলিডেজের বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক স্বর্ণা দাস। শ্রীলঙ্কা ও মালদ্বীপে যৌথ ও পৃথকভাবে ভ্রমণ প্যাকেজ দিচ্ছেন তাঁরা।

মেলার মাধ্যমে নতুন গ্রাহক পাওয়ার আশা করছেন কৃষিবিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির টিকেটিং ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, করোনার কারণে হজ ও ওমরাহকেন্দ্রিক কার্যক্রম কমে গিয়েছিল। অন্যান্য ভ্রমণ খাতেরও গ্রাহকের সংখ্যা কমেছিল। তবে আগামী রোজার ঈদ ও কোরবানিকেন্দ্রিক ব্যবসায়িক প্রসার বাড়বে বলে আশা করছেন তিনি।

সাধারণ পর্যটনের পাশাপাশি মেডিকেল ট্যুরিজম খাতের কোম্পানির স্টলও আছে মেলায়। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিতে ভিসা প্রক্রিয়াকরণ ও থাকার ব্যবস্থা করতে সহায়তা করে ‘ডিসকভার বাংলাদেশ’ নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক তামিম তান্তা বলেন, ‘দেশে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল আছে। তাঁরা রোগীর সমস্যা শুনে কোন চিকিৎসককে দেখানো উচিত, তা পরামর্শ দেন। এরপর আমরা রোগী ও স্বজনের ভিসাপ্রক্রিয়া ও টিকিট কেনা থেকে শুরু করে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত নিয়ে দিই।’

মেলায় পর্যটনের জন্য প্রতিষ্ঠানগুলোর ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন প্যাকেজ থাকলেও দলগত ভ্রমণের প্যাকেজ কম দেখা গেছে। এ নিয়ে হতাশার কথা জানান রাজধানীর মিরপুর থেকে মেলায় ঘুরতে আসা ইফতেখার উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছু স্টলেই ঘুরে ঘুরে দেখলাম। সবারই পারিবারিক বা ব্যক্তিপর্যায়ে ভ্রমণের বিভিন্ন প্যাকেজ আছে। কিন্তু ২০-৩০ জন নিয়ে ঘুরতে যাওয়া যাবে তেমন কোনো অফার এখনো দেখিনি।’

এর আগে সকালে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, করোনার কারণে বৈশ্বিক পর্যটন খাত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এই মেলা সেই অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দেবে। ইতিমধ্যে দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হয়েছে, ২৭টি নীতিমালা নেওয়া হয়েছে। আরও যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা করা হবে। তবে নতুন উদ্যোগ সৃষ্টি ও বিনিয়োগের মাধ্যমে মূল কাজটা করতে হবে বেসরকারি খাতকেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলি মিয়া, মেলার টাইটেল স্পনসর মাস্টারকার্ড বাংলাদেশের এদেশীয় ব্যবস্থাপক (কান্ট্রি ম্যানেজার) সৈয়দ মোহাম্মদ কামাল ও টোয়াবের পরিচালক মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল ও কসোভোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য মো. রাফেউজ্জামান।