ঈদে ৬ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ছয় দিন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর অভিবাসন কেন্দ্র দিয়ে বিশেষ অনুমতিপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল থেকে এ স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তবে করোনার এ সময় ভারতের কলকাতায় বাংলাদেশি হাইকমিশনার কার্যালয় থেকে এনওসিসহ করোনা নেগেটিভ সনদ নিয়ে এ অভিবাসন কেন্দ্র দিয়ে বাংলাদেশে ও একইভাবে ভারতে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পাবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা এ স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন দেশে প্রবেশ করতে পারবেন।

তা ছাড়া যেসব পাসপোর্টধারী যাত্রী দেশে ফেরত আসবেন, তাঁদের এ স্থলবন্দরে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বলেন, ‘ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন ও ভুটানের আমদানি-রপ্তানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেই ছয় দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জুলাই পুনরায় কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশের অভিবাসন কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন বলেন, পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে। তবে করোনাকালে উভয় দেশে হাইকমিশনের অনুমতি বা এনওসি ও করোনা নেগেটিভ সনদ নিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার হতে পারবেন। তবে যাঁরা ফেরত আসবেন, তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার স্থলবন্দর ছয় দিন বন্ধ ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।