ঈদের ছুটিতে সব কাস্টমস হাউস খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো যাবে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোকে চিঠি পাঠিয়ে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরোপুরি না হলেও সীমিত পরিসরে এসব অফিস খোলা রাখতে বলা হয়েছে। এর মানে, অল্প জনবল দিয়ে কাজ চলবে।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

আগামী বুধবার ঈদ উল আজহা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। এই তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যাবে।

গত ৩০ জুন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টমস হাউস ও শুল্কস্টেশন খোলার অনুরোধ করে এনবিআরকে চিঠি পাঠায়। বিজিএমইএ-এর অনুরোধের প্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি রপ্তানি হয়। এরপরেই বেনাপোল কাস্টমস হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে। তবে ব্যাংক বন্ধ থাকলে অনেক আমদানিকারকেরা বিল অব এন্ট্রি সাবমিট করতে চান না।

করোনার কারণে এমনিতেই আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় কমে গেছে। বিদায়ী অর্থবছরে শুল্ক আদায়ে ১৭ হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। গত অর্থবছরে আমদানি পর্যায়ে ৭৭ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।