এক হাঁড়ি দই ১০ সেকেন্ডে খেলেন জার্মান রাষ্ট্রদূত
বাংলাদেশের দই খেয়ে মুগ্ধ হয়েছেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। এর স্বাদে এতটাই মাতোয়ারা হয়েছেন যে এক হাঁড়ি দই মাত্র ১০ সেকেন্ডেই সাবাড় করে ফেলেছেন তিনি। খেয়েদেয়ে আবার সেই খালি হাঁড়ির ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
কয়েক মাস আগে ঢাকায় জার্মান দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে এসেছেন আখিম ট্র্যোস্টার। গত শুক্রবার পরপর দুটি টুইট করে বাংলাদেশের দই খাওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি।
টুইট দুটি বেশ মজার। প্রথম টুইটে এক হাঁড়িভর্তি দইয়ের ছবি পোস্ট করে ‘ঢাকাফুড’ হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘ঢাকায় মোটা হওয়া এড়ানোর কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল। কী যে সুস্বাদু!’
এর কিছুক্ষণ পরই ওই দইয়ের খালি হাঁড়ির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘১০ সেকেন্ড পরে’, এর মানে দাঁড়ায় বাংলাদেশের দই তাঁর এতই মজা লেগেছে যে মাত্র ১০ সেকেন্ডেই তিনি ওই হাঁড়িভর্তি দই শেষ করে ফেলেছেন।
জার্মান রাষ্ট্রদূতের ওই দুই পোস্টে অসংখ্য মানুষ লাইক ও মন্তব্য করে প্রতিক্রিয়া জানিয়েছেন।