এটা শুধু দুর্ঘটনা নয়, অবহেলাজনিত মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ

সবার অবহেলা ও জবাবদিহির অভাবে আরেকটি করপোরেট হত্যাকাণ্ড সংঘটিত হলো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডের কারখানার দুর্ঘটনার মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। বাংলাদেশে কোনো শিল্পদুর্ঘটনায় কখনো দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়নি। সাভারের রানা প্লাজা ধসে বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ভবন মালিক কারাগারে রয়েছেন। ১ হাজার ১৩৮ জন পোশাকশ্রমিক মারা গেলেও ঘটনাটিতে এখনো কারও শাস্তি হয়নি।

একটি ঘটনার বিচার হলে দশটি ঘটনা বন্ধ করা যায়। বিচার না হলেও প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি করা হয়। সেই কমিটির প্রতিবেদনে কী থাকে সেটি আর সাধারণ মানুষ জানতে পারে না। অথচ শিল্পকারখানায় এ ধরনের ঘটনাগুলো দুর্ঘটনা নয়, অবহেলাজনিত মৃত্যু বা হত্যা।

এ ধরনের অবহেলাজনিত হত্যাকাণ্ডের ক্ষেত্রে ক্ষতিপূরণের মানদণ্ড থাকা উচিত। এটি এখনো নির্ধারিত হয়নি। ফলে মালিক শ্রম আইনে নির্ধারিত নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যান। রানা প্লাজা ধসের পর ক্ষতিপূরণ নির্ধারণে উচ্চ আদালত ভূমিকা রাখলেও পরে চূড়ান্ত রায় হয়নি। শিল্পকারখানার দুর্ঘটনায় কোনো শ্রমিক-কর্মচারী মারা গেলে ক্ষতিপূরণ মাত্র আড়াই লাখ টাকা।

২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) পরিদর্শকদের ক্ষমতা বৃদ্ধি করা হয়। তবে সংস্থাটির পরিদর্শন কার্যক্রমকে সাজানো হয় তৈরি পোশাকের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে। আন্তর্জাতিক সংস্থা ও সরকার বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে পরিদর্শনের যে সক্ষমতা বাড়িয়েছে, সেটি শুধু তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত হবে তেমন একটি মানসিকতা তৈরি হয়েছে। তার ফলে পোশাকের বাইরেও যে শিল্পকারখানা রয়েছে এবং সেখানে দুর্ঘটনার যথেষ্ট শঙ্কা রয়েছে, সেটি গ্রাহ্য করা হয়নি।

আইন অনুযায়ী রূপগঞ্জের হাসেম ফুডসের বিশাল কারখানা ভবনে মাত্র দুটি সিঁড়ি থাকতে পারে না। ডিআইএফইর পরিদর্শকেরা কী করেছেন। তাঁদের তো ভবনের অবকাঠামোগত খুঁটিনাটি বিষয় পরিদর্শনের পর কারখানার অনুমতি দেওয়ার কথা। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখলাম কারখানায় কাচঘেরা বারান্দা ও গ্রিল দেওয়া জানালা ছিল। এমনটা হলে তো কারখানা চালানোর অনুমতিই পাওয়ার কথা না। ঘটনার পর পরিদর্শকেরা সাংবাদিকদের বলছেন, হাসেম ফুডস কর্তৃপক্ষ কারখানা পরিদর্শনের অনুমতি দেয়নি। পরিদর্শন আইন অনুযায়ী, অনুমতি না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। প্রথমে নোটিশ দিতে পারতেন পরিদর্শকেরা। এমনকি বিপজ্জনক হলে কারখানা বন্ধ করে দেওয়ার ক্ষমতাও তাদের রয়েছে। পরিদর্শকেরা সেই কাজ কি করেছেন?

অতিরিক্ত দাহ্য পদার্থ সহজেই শনাক্ত করে নিরাপদ জায়গায় স্থানান্তর করা সম্ভব। কিন্তু আমাদের অনেক বড় বড় ব্যবসায়ীও মুদিদোকান চালানোর সংস্কৃতি নিয়ে ব্যবসা পরিচালনা করেন। তাই আমি মনে করি, বর্তমান আইনি কাঠামো ও ক্ষতিপূরণের পরিমাণ দিয়ে শিল্পদুর্ঘটনা রোধ করা সম্ভব না।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)