এমসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মো. সাইফুল ইসলাম
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি রপ্তানিমুখী চামড়া খাতের প্রতিষ্ঠান পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।
মো. সাইফুল ইসলামের জাহাজনির্মাণ, চামড়াজাত পণ্য উৎপাদন, ড্রেজিং, হসপিটালিটিসহ বিভিন্ন ক্ষেত্রে ৩৫ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ বিল্ডিং, বঙ্গ ড্রেজারস, সুবর্ণ ভূমি রিসোর্টস মেঘনা এবং সুবর্ণ ভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান। এ ছাড়া মো. সাইফুল ইসলাম লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবেও রয়েছেন।
এমিসিসিআই জানায়, ৫ ডিসেম্বর নতুন বোর্ডের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের সদস্যরা মো. সাইফুল ইসলামকে নির্বাচিত করেন। গত বুধবার চেম্বারের ১১৭তম বার্ষিক সাধারণ সভায় সেটি চূড়ান্ত করা হয়। মো. সাইফুল ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কামরান টি রহমান ও সহসভাপতি হয়েছেন হাবিবুল্লাহ এন করিম।
কামরান টি রহমান পাট ও চা খাতের একজন উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস ও কাপনা টি কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০৭-২০০৯ ও ২০১৭-২১ সালে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি এবং ২০১৩ সালে এমসিসিআইয়ের সহসভাপতি ছিলেন।
অন্যদিকে হাবিবুল্লাহ এন করিম টেকনোহেভেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ২০০২-২০০৩ ও ২০০৮-২০০৯ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন। তিনি ২০১৯-২১ সালে বিইএফের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন মর্ডান ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক মো. আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক উজমা চৌধুরী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, আইসিই টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত জামিল, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার নিহাদ কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস করপোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও ট্রান্সক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান।