কারখানা নির্মাণে দেশি পণ্যের ব্যবহার
বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় ২০ একর জায়গাজুড়ে নির্মাণকাজ চলছে মডার্ন সিনটেক্স কারখানার। নির্মাণাধীন কারখানা চত্বর ঘুরে দেখা যায় কারখানা ভবন নির্মাণযজ্ঞে ৭৫০ জন শ্রমিক আর প্রকৌশলীর তুমুল ব্যস্ততা।
এই কারখানার এক পাশে মাথা উঁচু করে আছে প্রিমিয়ার সিমেন্টের ছোট্ট সাইলো। নির্মাণাধীন কারখানা ভবনের সামনে রাখা আছে চট্টগ্রামের বিএসআরএম কোম্পানির রড। কারখানার প্রকৌশলীরা জানান, কারখানার ২২টি ভবন নির্মাণে অন্তত ৬ হাজার টন রড এবং ১৭ হাজার টন সিমেন্ট ব্যবহৃত হবে।
মডার্ন সিনটেক্স লিমিটেডের প্রকল্প এলাকায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রকৌশলী প্রদীপ চন্দ্র প্রথম আলোকে জানান, এই কারখানার দেশি কোম্পানির বিশেষায়িত রড ও সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। শুধু রড ও সিমেন্ট নয়, এই প্রকল্পে ব্যবহৃত হওয়া নির্মাণসামগ্রীর সিংহভাগই দেশি কোম্পানির।
এই কারখানার মতো বঙ্গবন্ধু শিল্পনগরে নির্মাণাধীন সব কটি কারখানায় ব্যবহৃত হচ্ছে কোনো না কোনো দেশি পণ্য। উদ্যোক্তারা জানিয়েছেন, বঙ্গবন্ধু শিল্পনগরের নির্মাণকাজে বিপুল পরিমাণ রড ও সিমেন্ট ব্যবহৃত হবে। এতে দেশি নির্মাণসামগ্রী, বিশেষ করে রড ও সিমেন্টের বড় চাহিদা তৈরি হচ্ছে।
সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, একসময় বড় প্রকল্পে রড ও সিমেন্ট আমদানি করতে হতো। এটি এখন ইতিহাস। কারণ, বাংলাদেশে এখন বিশ্বমানের রড ও সিমেন্ট উৎপাদিত হচ্ছে। বিশেষায়িত ও মেগা প্রকল্পে রড ও সিমেন্টের ব্যবহার এই খাতে উদ্যোক্তাদের সক্ষমতা প্রমাণিত হয়েছে।
উদ্যোক্তারা জানান, কারখানাসহ অবকাঠামো উন্নয়নে রড ও সিমেন্টের ব্যবহার সবচেয়ে বেশি। অবকাঠামোর ধরন বা প্রকল্পের চাহিদা অনুযায়ী এক দশক ধরে এই দুটি পণ্য সরবরাহ করে হাত পাকিয়েছেন উদ্যোক্তারা। এখন যেকোনো অবকাঠামো নির্মাণে এ দুটি পণ্য আমদানির চিন্তা করতে হচ্ছে না।
দেশে ছোট–বড় সব ধরনের স্থাপনায় দেশি পণ্য দুটি ব্যবহারের কারণে বাজারও বাড়ছে। এ দুটি পণ্যের বছরে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার কোটি টাকার বেশি। বাজার বাড়তে থাকায় নিয়মিত কারখানাও সম্প্রসারণ করছেন উদ্যোক্তারা। বিশ্বের সর্বাধুনিক নতুন নতুন প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে শীর্ষ সারির কারখানাগুলোতে।
বঙ্গবন্ধু শিল্পনগর সাগর উপকূলীয় এলাকায় পড়েছে। উপকূলীয় হওয়ায় এই এলাকা লবণাক্তপ্রবণ। ফলে এখানে নির্মাণকাজে লবণাক্ততা সহিষ্ণু বিশেষায়িত রড ও সিমেন্ট ব্যবহার করতে হচ্ছে। রড ও সিমেন্ট উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান লবণাক্ত অঞ্চলের জন্য বিশেষায়িত রড ও সিমেন্ট তৈরি করছে।
ইস্পাত পণ্য রড উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মতো উপকূলীয় এলাকায় অবকাঠামো নির্মাণে চার বছর আগে বিএসআরএম ‘সেঞ্চুরা’ নামে ইপোক্সি কোটেড বার বা রড উৎপাদন করছে। লবণাক্ততা অঞ্চলে ক্ষয়রোধ করে টেকসই স্থাপনা নির্মাণের জন্যই এই পণ্যের ব্যবহার বাড়ছে।
রড ও সিমেন্টের বাইরে কারখানা নির্মাণে ব্যবহৃত হওয়া আরেকটি পণ্য হলো ইস্পাতের কাঠামো। মধ্যবর্তী কাঁচামাল ইস্পাতের পাত আমদানি করে তা দিয়ে কাঠামো তৈরি করে দেশি প্রতিষ্ঠানগুলো। কারখানা ভবন নির্মাণেও এখন ব্যবহৃত হচ্ছে ইস্পাতের কাঠামো। বঙ্গবন্ধু শিল্পনগরে ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিংয়ের দুটি কারখানা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ইস্পাতের কাঠামো।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গাজীপুরে ম্যাকডোনাল্ডের ইস্পাতের পাতের কাঠামো তৈরির কারখানা রয়েছে। সেখানে প্রক্রিয়াজাত পণ্য বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা তৈরিতে ব্যবহৃত হয়েছে।