কুড়িগ্রামের পোলট্রি ব্যবসায়ীরা বিপাকে

পোলট্রি ফিড তথা মুরগির খাদ্য, ওষুধ ও বাচ্চা মুরগির দাম বাড়ায় কুড়িগ্রামের খামারিরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি খামারিদের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির খাদ্য, ভ্যাকসিন ও মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের পোলট্রি খামারিরা জটিল সমস্যায় পড়েছেন। এই সমস্যায় ইতিমধ্যে বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। সে জন্য কুড়িগ্রামের পোলট্রিশিল্প রক্ষায় লেয়ারের বাচ্চা, ফিড (খাদ্য) ও ওষুধের মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন খামারিরা।

কুড়িগ্রাম জেলায় ২০০৫ সালে পোলট্রি ব্যবসা শুরু হয়। প্রথম দিকে ভালো লাভ হলেও ২০১৬ সাল থেকে পোলট্রি ফিড, ভ্যাকসিন ও মুরগির বাচ্চার দাম বাড়ায় লাভ কমতে থাকে। সেই সঙ্গে গরমের সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকায় কলেরা রোগে লেয়ার মুরগির মড়ক দেখা দেয়। এর ওপর করোনার সংক্রমণ শুরু হলে খামারিদের বিক্রিবাট্টা বলতে গেলে বন্ধ হয়ে যায়। এতে বিরাট ক্ষতির মুখে পড়েন তাঁরা। ফলে আগে থেকে লোকসানে থাকা অনেক খামারি ব্যবসা গুটিয়ে নেন। কথা বলে জানা যায়, বেশির ভাগ খামারি ঋণ করে এই ব্যবসায় বিনিয়োগ করেছেন। তাঁরা এখন না পারছেন খামার চালাতে, না পারছেন তা বন্ধ করতে।

কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত দুই শতাধিক খামারি ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবসায় এসেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭৪টি খামার রয়েছে ফুলবাড়ী উপজেলায়। এ উপজেলার বড় খামারি খ্যাত কুরুষা ফেরুষা মলিকার কুটি গ্রামের ধরলা পোলট্রি ফার্মের মালিক মো. ডলার প্রথম আলোকে বলেন, ‘২০০৫ সালে ৫ লাখ টাকা পুঁজি নিয়ে পোলট্রি ব্যবসায় নামি। তখন এক হাজার ব্রাউন জাতের লেয়ারের বাচ্চা দিয়ে ব্যবসা শুরু করি। ২০১৫-১৬ সাল পর্যন্ত লাভ হয়েছিল। এ জন্য খামার বড় করি। কিন্তু দেশে–বিদেশে কাঁচামাল, ভ্যাকসিন ও লেয়ারের বাচ্চাসহ সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে এখন মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। ফলে আমরা মাঠে মারা যাচ্ছি। আমি এখন ব্যবসা ছাড়তেও পারছি না। কারণ, খামারে এক কোটি টাকা লগ্নি করা আছে।’

সাদৃশ্য পোলট্রি ফার্মের মালিক মমিনুল ইসলাম বলেন, তিনি ৬০-৭০ লাখ টাকা লগ্নি করে পোলট্রি খামারের অবকাঠামো তৈরি করেন। এনজিও থেকে ঋণ নেন ছয় লাখ টাকা। এ জন্য মাসে কিস্তি দিতে হয় ৬০ হাজার টাকা। কিন্তু মাসে ডিম বিক্রি হয় ৯০ হাজার টাকার। সব খরচ মিটিয়ে ৩০ হাজার টাকা ঘাটতি থাকে।

একই এলাকার দোয়া পোলট্রি ফার্মের মালিক সিমু ও আপন পোলট্রি ফার্মের মালিক ফজলু মনে করেন, এই ব্যবসা এখন তাঁদের গলার কাঁটা হয়ে গেছে। তাঁদের প্রতিবেশী এমদাদুল খামার বন্ধ করেছেন বলে তিনি জানান।

ব্যবসায়ীরা বলেন, একটি লেয়ার মুরগি প্রায় ১২০ দিন পর ডিম দিতে শুরু করে। তবে গড়ে ৯৮ শতাংশ মুরগি ডিম দেয় ১৫০ দিনের মাথায়, যা অব্যাহত থাকে ৭-৮ মাস। এরপর ডিম দেওয়া মুরগির হার কমে ৮৫-৯০ শতাংশে নেমে যায়। আর ১৭-১৮ মাস পর এই হার আরও কমে শতকরা ৭৫ ভাগে নেমে যায়। তখন ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে মুরগিগুলো বিক্রি করে দেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির যুক্তি দেখিয়ে কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। ফলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি সরকারের খতিয়ে দেখা দরকার।
লিয়াকত আলী, সভাপতি, কুড়িগ্রাম পোলট্রি খামার মালিক সমিতি

স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, খামারিরা লোভে পড়েও নিজেদের বিপদ ডেকে এনেছেন। যেমন এক হাজার মুরগিতে ছয়-সাত লাখ টাকা আয় হওয়ার ফলে তাঁরা বেশি লাভের আশায় খামারে প্রচুর মুরগি নিয়ে আসেন। কিন্তু করোনাকালে অনেক খামারে একদিকে ভাইরাসের আক্রমণ শুরু হয়, অন্যদিকে ডিম বিক্রিতে ধস নামে। যে কারণে খামারিদের লাখ লাখ টাকা লোকসান হয়। সেই ধাক্কা কাটিয়ে তাঁরা ঘুরে দাঁড়াতে পারছেন না।

কুড়িগ্রাম পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির যুক্তি দেখিয়ে কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। ফলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি সরকারের খতিয়ে দেখা দরকার।’

ফুলবাড়ী উপজেলার ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান বলেন, বর্তমানে প্রান্তিক খামারিদের লোকসানের প্রধান কারণ, মুরগির বাচ্চা, খাদ্য ও কাঁচামালের ক্রমাগত মূল্যবৃদ্ধি। দাম নিয়ন্ত্রণ করতে পারলে খামারিদের লাভ নিশ্চিত করা যাবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল হাই সরকার বলেন, ‘মুরগির খাদ্যের দাম কিছুটা বেড়েছে। বিষয়টি আমরা জেলা সমন্বয় কমিটির সভায় উত্থাপন করেছি এবং সমাধান চেয়েছি। পাশাপাশি আমরা স্থানীয়ভাবে ভুট্টা সংগ্রহ করে ব্যক্তিগত উদ্যোগে ফিড তৈরির পরামর্শ দিচ্ছি। খামারিরা নিজেরা ফিড তৈরির উদ্যোগ নিলে লোকসান কমবে। এতে তাঁরা লাভের মুখ দেখতে পারবেন।’