খেলার জগতের পুরোটাই এখন কৃত্রিম তন্তুর পোশাকের দখলে
সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়েল গ্রুপ
বিশ্বে খেলাধুলার পোশাক বা স্পোর্টসওয়্যার, রেইনকোটসহ আউটারওয়্যারের শতভাগই এখন কৃত্রিম তন্তুনির্ভর। সব মিলিয়ে বিশ্বে তৈরি পোশাকের ৭০ শতাংশের বেশি তৈরি হচ্ছে কৃত্রিম তন্তু থেকে। করোনার কারণে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা আরও বেড়েছে। এ ধরনের পোশাক যেমন দ্রুত ঘাম চুষে নেয়, তেমনি আরামদায়কও। তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চীন এখন শতভাগ কৃত্রিম তন্তুনির্ভর। এ ধরনের সুতা তৈরিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন। আরও অনেক কাজ করার সুযোগ আছে। তাই মানের দিক থেকে কৃত্রিম তন্তুর সুতায় অনেক বৈচিত্র্য আসবে। অন্যদিকে তুলার তৈরি সুতা যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি, তাই সেখানে বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ কম।
সম্প্রতি কুল প্লাস টেকনোলজি নামে জাপান একটি পদ্ধতি আবিষ্কার করেছে, যে পদ্ধতি ব্যবহার করে তৈরি কৃত্রিম তন্তুর সুতার পোশাক খুব দ্রুত শরীরের ঘাম চুষে নেয়। এ কারণে খেলার জগৎ ছাড়াও দৈনন্দিন জীবনে পলিয়েস্টার সুতার তৈরি পোশাকের ব্যবহার বাড়ছে। তবে বৈশ্বিক বাজারের তুলনায় এ ধরনের সুতা ও পোশাক তৈরিতে আমরা অনেক পিছিয়ে আছি। কারণ, আমাদের নীতি-সহায়তার ক্ষেত্রে এখনো তুলার তৈরি সুতার গুরুত্ব অনেক বেশি। বর্তমানে তুলা থেকে তৈরি সুতার ক্ষেত্রে বিক্রি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট হার ৪ শতাংশ। অথচ পলিয়েস্টার বা কৃত্রিম তন্তুর সুতার ক্ষেত্রে এ হার ৬ শতাংশ। ২০ বছর আগে সরকারি নীতি-সহায়তার সুযোগ নিয়ে এ দেশে তুলা থেকে সুতা তৈরিতে বড় বড় বিনিয়োগ হয়েছিল। সময়ের সঙ্গে চাহিদাও পাল্টেছে। তার সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম তন্তুর সুতা ও কাপড়ে বিনিয়োগ বাড়াতে সরকারি নীতি-সহায়তা লাগবে। তাহলেই আমরা ভবিষ্যতে কৃত্রিম তন্তুর পোশাক ক্রমবর্ধমান বাজারে নিজেদের হিস্যা বাড়াতে পারব।