গোপন ফাইলে লুকানো বিক্রির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাটারিং ব্যবসা এখন জনপ্রিয় হচ্ছে। বাসা-বাড়ি, অফিসসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহের জন্য পেশাদার খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠান থেকে খাবার কিনলে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়।

এমন একটি পেশাদার খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান খান’স কিচেন। ভ্যাট গোয়েন্দারা অভিযান চালিয়ে দেখেছেন, মাত্র দুই মাসেই প্রায় দেড় কোটি টাকার বিক্রি গোপন করেছে প্রতিষ্ঠানটি।

১৪ ডিসেম্বর রাজধানীর বড় বেরাইদের খান’স কিচেন লিমিটেডের কার্যালয়ে ভ্যাট গোয়েন্দারা অভিযান চালান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন গ্রাহকের সচিত্র অভিযোগের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই দিন কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। এখন সব কাগজপত্র যাচাই–বাছাই করা হচ্ছে। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যে অভিযোগের ভিত্তিতে অভিযান, ভ্যাট নিয়েছে অন্য চালানে

১৪ ডিসেম্বর রাজধানীর বেরাইদে অবস্থিত খান’স কিচেনে অভিযান চালান ভ্যাট গোয়েন্দারা। ২০১৯ সালের জুলাই ও ডিসেম্বর মাসে মোট ১ কোটি ৪২ লাখ টাকার বিক্রির তথ্য গোপনের প্রমাণ পেয়েছেন তাঁরা। অন্য কাগজপত্রও যাচাই–বাছাই চলছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের জুলাই ও ডিসেম্বর মাসের হিসাবেই ১ কোটি ৪২ লাখ টাকা বিক্রির তথ্য গোপন করা হয়েছে। এখন বাকি কাগজপত্র পরীক্ষা করে ব্যাপক ভ্যাট ফাঁকির তথ্য মিলছে। ইতিমধ্যে খান’স কিচেনের ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়া হয়েছে। তারপর প্রতিষ্ঠানটির দেওয়া ভ্যাট রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ভ্যাট ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খান’স কিচেনে অভিযানকালে ভ্যাট গোয়েন্দারা দেখতে পান যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট চালানের পরিবর্তে ডুপ্লিকেট ও অবৈধ চালান ব্যবহার করে আসছে। এসব চালানে ভ্যাট আইন অনুসারে মূসক ৬.৩ ব্যবহার করা হয়নি।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট চালানের পরিবর্তে ডুপ্লিকেট ও অবৈধ চালান ব্যবহার করে আসছে। এসব চালানে ভ্যাট আইন অনুসারে মূসক ৬.৩ ব্যবহার করা হয়নি।

তল্লাশির একপর্যায়ে প্রতিষ্ঠানটির ক্লিপ ফাইলে দুই মাসের (২০১৯ সালের জুলাই ও ডিসেম্বর) প্রকৃত বিক্রির তথ্য পাওয়া যায়। এতে দেখা যায়, ওই বছরের জুলাই মাসে তাদের মোট বিক্রির পরিমাণ ৯৩ লাখ ৩ হাজার টাকা। কিন্তু এ সময় প্রতিষ্ঠান গুলশান ভ্যাট সার্কেলে দেওয়া দাখিলপত্রে ১৯ লাখ ৯৩ হাজার টাকা বিক্রি দেখানো হয়। অর্থাৎ ওই মাসের দাখিলপত্রে ৭৩ লাখ ১০ হাজার টাকার বিক্রির তথ্য গোপন করা হয়েছে।

ভ্যাট ফাঁকির পরিমাণ ৯ লাখ ১৪ হাজার টাকা। এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে ২ লাখ ৯৩ হাজার টাকা সুদ পরিশোধ প্রযোজ্য। অন্যদিকে ওই বছরের ডিসেম্বর মাসে ৮৪ লাখ ৮০ হাজার টাকার বিক্রির তথ্য পাওয়া যায়। কিন্তু ওই মাসের দাখিলপত্রে বিক্রি দেখানো হয় ১৫ লাখ ৮৯ হাজার টাকা। ওই মাসে গোপন করা হয় ৬৮ লাখ ৯১ হাজার টাকা। এই টাকার ওপর ভ্যাট বসে ৮ লাখ ৬৮ হাজার টাকা। সুদ বসে আরও ১ লাখ ৯১ হাজার টাকা।

আরও পড়ুন