চার দিনব্যাপী তাঁতপণ্য মেলা শুরু হচ্ছে বুধবার
চতুর্থবারের মতো ঐতিহ্যবাহী তাঁতপণ্য মেলা (হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল) শুরু হচ্ছে কাল বুধবার। চার দিনব্যাপী এই মেলায় প্রায় ৫০টি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আগারগাঁওয়ের পর্যটন ভবনে এসএমই ফান্ডেশনের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার মেলা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান। এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশের (এএফডিবি) উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য ও কৃষ্টির অংশ ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রস্তুতকারক ও শীর্ষস্থানীয় ডিজাইনারদের মধ্যে সংযোগ স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এই খাতের বিভিন্ন সংগঠন, নকশাকারক, শিল্পী, তাঁতিসহ ঐতিহ্যবাহী পণ্যের উদ্যোক্তারা অংশ নেবেন। ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রচার ও প্রসারে ২০১৮ সাল থেকে এই মেলার আয়োজন করছে সংস্থাটি।
এসএমই ফাউন্ডেশনের এমডি মো. মফিজুর রহমান জানান, মেলায় বয়নশিল্প প্রদর্শনের পাশাপাশি প্রায় ৫০টি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে শাড়ি-লুঙ্গি-গামছা, খাদি, নকশিকাঁথা, বেনারসি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, শতরঞ্জি, পটচিত্র, রিকশা পেইন্ট, জুয়েলারি, টেরাকোটা, পিতল, কাঁসা, শঙ্খ, মণিপুরি কাপড়, রাঙামাটির চাকমাসহ অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাপড়, হস্তশিল্প; পাটজাত, বাঁশ, বেতজাত পণ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কাল বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশের (এএফডিবি) সভাপতি মানতাশা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান।
মেলায় পণ্য প্রদর্শন ছাড়াও থাকবে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের জন্য করা হবে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ ডে’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিকেলে ‘ঐতিহ্য সংরক্ষণে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
তৃতীয় দিন সকালে ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা নিয়ে হবে সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আর শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না।