চার প্রতিষ্ঠান ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান তৈরি পোশাক, পোশাক সরঞ্জাম, ক্যাম্পিং যন্ত্রপাতি ও জুতার উপকরণ তৈরির কারখানা স্থাপনে ইপিজেড পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেপজার চুক্তি স্বাক্ষর হয়েছে।
ছবি: সংগৃহিত

দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান তৈরি পোশাক, পোশাক সরঞ্জাম, ক্যাম্পিং যন্ত্রপাতি ও জুতার উপকরণ তৈরির কারখানা স্থাপনে পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪৩০ কোটি টাকা (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। এসব শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে ২৩ হাজার ৪৫৩ জনের।

এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে দেশি-বিদেশি কোম্পানিগুলোর চুক্তি হয়েছে। গতকাল শনিবার ঢাকার সেন্ট্রাল রোডে বেপজা কমপ্লেক্সে এ চুক্তি সই হয় বলে সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বেপজা জানিয়েছে, নতুন বিনিয়োগে আসা শিল্পপ্রতিষ্ঠান চারটি হচ্ছে শ্রীলঙ্কার মালিকানাধীন ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি লিমিটেড, চীনের ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি (বিডি) লিমিটেড, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ক্যাম্পেক্স (বিডি) লিমিটেড এবং বাংলাদেশি কোম্পানি টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজার অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে।

এগুলোর মধ্যে শ্রীলঙ্কার ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি পোশাক কারখানা; চীনের ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি জুতার সরঞ্জাম; যুক্তরাষ্ট্রের ক্যাম্পেক্স (বিডি) তাঁবু, তাঁবুর সরঞ্জাম ও আউটডোর গার্মেন্টস এবং বাংলাদেশের টেক্সট্রিম লেবেলস পোশাক সরঞ্জামের কারখানা স্থাপন করবে।

দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান কারখানা স্থাপনে ইপিজেড পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেপজার চুক্তি স্বাক্ষর হয়েছে।
ছবি: সংগৃহিত

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ইপিজেডস ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি এস এম খানসহ বেপজা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘বেপজা শুধু বৈশ্বিক অর্থনীতির সঙ্গেই আমাদের যুক্ত করছে না, পাশাপাশি দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও সাহায্য করছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হলো।’

বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘বেপজার অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য ৫৩৯টি শিল্প প্লটের বিপরীতে আমরা ৬৪৩টির জন্য আবেদন পেয়েছি। এটা খুবই আশাব্যঞ্জক। এসব প্লটের মধ্যে প্রথম পর্যায়ে প্রস্তুতকৃত ১৬০টি শিল্প প্লটের বিপরীতে ৮১টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আবেদন করেছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া ৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টির সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো।’