চীন আবার কাঁচামালের বাজারে, সংকটে দেশের ইস্পাতশিল্প

বাড়তি চাহিদা মেটাতে বিশ্ববাজার থেকে আবার ইস্পাতের কাঁচামাল কিনছে চীন। এর প্রভাবে কাঁচামালের সংকটে পড়েছে দেশের রডের বাজার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এবিজেড প্রপার্টিজের কর্ণধার এস এ ফয়সাল। করোনা শুরুর আগে রাজধানীর ইব্রাহিমপুরে ফ্ল্যাট বানানোর একটি প্রজেক্ট শুরু করে তাঁর প্রতিষ্ঠান। দোতলা পর্যন্ত ছাদ ঢালাই করা হয়। কিন্তু ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় এক বছর কাজ বন্ধ রাখতে বাধ্য হন তিনি। গত এপ্রিল-মে মাসে আবার কাজ শুরু করেছেন। কিন্তু তিনি যে খরচের পরিকল্পনা করেছিলেন, সেটি আর মিলছে না। করোনার আগে এক টন রডের দাম ছিল ৬০ থেকে ৬৫ হাজার টাকা। কয়েক মাস ধরে তা বেড়ে ৭০-৭৫ হাজার টাকায় উঠেছে। এক বছরের ব্যবধানে রডের দাম বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। ফয়সাল এখন আর আগের হিসাবে ফ্ল্যাট বানাতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে রডের কাঁচামাল স্ক্র্যাপের সংকট বৃদ্ধি পাওয়ায় এবং স্ক্র্যাপ আমদানিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণেই মূলত দেশে রডের দাম বেড়েছে।

* রডের দাম প্রতি টন ৭০-৭৫ হাজার টাকায় উঠেছে। * স্ক্র্যাপের দাম দ্বিগুণ হয়ে প্রতি টন ৫৭০ ডলার। * জাহাজভাড়া ইতিমধ্যে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। * বড় অর্থনীতিগুলোয় নির্মাণকাজ খুব বেড়েছে।

দেশের শীর্ষ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উপব্যবস্থাপরিচালক তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, করোনার ধাক্কা কাটিয়ে বড় দেশগুলোতে ব্যাপকভাবে নির্মাণকাজ চলছে। ফলে একদিকে রডের কাঁচামালের সংকট, অন্যদিকে জাহাজভাড়া কয়েক গুণ বাড়ার কারণে স্থানীয় বাজারে রডের দাম বাড়ছে। বাংলাদেশও ঘুরে দাঁড়াচ্ছে। শীত মৌসুমে রডের চাহিদা আরও বাড়বে। কাঁচামালের সংকট ও বাড়তি জাহাজভাড়া না কমলে রডের দাম আরও বাড়তে পারে।

রডের কাঁচামাল হিসেবে এ দেশের ইস্পাত কোম্পানিগুলো স্ক্র্যাপ ও বিলেট ব্যবহার করে। সিংহভাগ স্ক্র্যাপই বিদেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে বাংলাদেশ হলো ১৩তম বৃহত্তম স্ক্র্যাপ আমদানিকারক দেশ। করোনার আগে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম প্রতি টন ২৫০ থেকে ৩০০ ডলার ছিল। এখন দাম বেড়ে ৫৬০ থেকে ৫৭০ ডলার হয়েছে। গত দুই সপ্তাহে স্ক্র্যাপের দাম টনপ্রতি ২০ ডলার বেড়েছে।

করোনার ধাক্কা কাটিয়ে বড় বড় অর্থনীতির দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারে আবার নির্মাণযজ্ঞ বাড়িয়েছে। কিন্তু চাহিদার তুলনায় স্ক্র্যাপ মিলছে না। এদিকে এক যুগ পর চীন আবার আন্তর্জাতিক বাজার থেকে বিলেট, স্ক্র্যাপ কেনা শুরু করেছে। স্ক্র্যাপ থেকে বিলেট বানানো হয়। ফলে ভারত, রাশিয়া ও তুরস্ক থেকে বিলেট আমদানি করছে চীন। এতে স্ক্র্যাপের বাজারে বাড়তি চাপ পড়েছে। জানা গেছে, ২০০৮ সালে বিশ্বমন্দার কারণে চীন অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা রাখতে বিলেট আমদানি বন্ধ করে দেয়। তখন থেকে খনিজ লোহা থেকে বিলেট উৎপাদন করেছিল চীন। কিন্তু করোনার প্রকোপ কমলে ব্যাপকভাবে নির্মাণযজ্ঞ শুরু করে চীন। এ জন্য বিশ্ববাজার থেকে বিলেট কিনছে দেশটি। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। তারা স্ক্র্যাপ আমদানিও বাড়িয়েছে। চাহিদার তুলনায় জোগান দিতে না পারায় বড় স্ক্র্যাপ রপ্তানিকারক দেশ, যেমন যুক্তরাজ্য, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দামি বাড়িয়ে দিয়েছে।

রডের কাঁচামাল স্ক্র্যাপ কনটেইনার ও বাল্ক—দুইভাবেই আমদানি করা হয়। করোনার সময়ে জাহাজভাড়া কমপক্ষে তিন গুণ বেড়েছে। আগে ইউরোপ থেকে প্রতি টন বাল্ক স্ক্র্যাপ আনতে খরচ পড়ত ৪০ ডলার। এখন তা বেড়ে ১২০ ডলার হয়েছে। জাপান থেকে আনলেও ১২০ ডলার লাগে। ব্রাজিল কিংবা অস্ট্রেলিয়া থেকেও ১২০ ডলারের কমে আর জাহাজভাড়া পাওয়া যায় না। একইভাবে কনটেইনার ভাড়াও কয়েক গুণ বেড়েছে।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সাবেক চেয়ারম্যান মাসাদুল আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বড় বড় সরকারি প্রকল্পেই দেশের সিংহভাগ রডের জোগান যায়। রডের মূল্যবৃদ্ধি পাওয়ায় প্রকল্পের খরচ বাড়তে পারে কিংবা ঠিকাদার কাজের গতি কমিয়ে দিতে পারেন। তিনি বলেন, এক টন স্ক্র্যাপ আমদানি করতে চার হাজার টাকার মতো শুল্ক-কর দিতে হয়। এটি কমিয়ে দিলে রডের বাজারে কিছুটা স্বস্তি আসত। তা না হলে শীতের আগেই রডের দাম টনপ্রতি ৮০-৮৫ হাজার টাকা হতে পারে।