চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, গত ২০১৯-২০ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ১ হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। তার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে মাত্র ৬০০ কোটি ডলারের পণ্য। এই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে ঢাকা-বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা প্রয়োজন।

চায়না-বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন ফোরাম এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি। চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পর বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ আসবে, তা মোকাবিলায় সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ ছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে গত বছর ১০২ কোটি মার্কিন ডলারের চীনা বিনিয়োগ এসেছে। এমন তথ্য দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে চীনা উদ্যোক্তাদের আস্থা আরও বাড়বে। বিনিয়োগ পরিবেশ উন্নত করতে সরকার কর অবকাশ-সুবিধা, ৫-১০ বছর পর্যন্ত হ্রাসকৃত হারে আয়কর, করমুক্ত রপ্তানি আয়, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে হ্রাসকৃত আমদানি শুল্কের সুবিধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী গোলাম মর্তুজা প্রমুখ।