করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে দ্বিতীয় দফায় আরও ২০০ কোটি টাকা প্রণোদনা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। আগামী মাসে এই ঋণ বিতরণ শুরু হবে। প্রান্তিক ও নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় এই তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান। গত রোববার অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, সিরাজুল হায়দার প্রমুখ।
মফিজুর রহমান বলেন, দ্বিতীয় দফায় প্রণোদনা ঋণের ৩০ শতাংশ পাবেন নারী উদ্যোক্তা। তা ছাড়া এসএমই ক্লাস্টারে ১০, উৎপাদন খাতে ৩০ এবং ট্রেডিং খাতে ৩০ শতাংশ সুদে ঋণ মিলবে। মোট ঋণগ্রহীতার অর্ধেকই পাবেন ২০ লাখ টাকার কম ঋণ। ঋণের সর্বোচ্চ সীমা ৭৫ লাখ থেকে কমিয়ে ৫০ লাখ টাকা করা হতে পারে। আগে প্রণোদনা ঋণ না পাওয়া উদ্যোক্তারা এবার অগ্রাধিকার পাবেন।
আগামী বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সভায় ঋণ বিতরণের সংশোধিত নীতিমালা অনুমোদনের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তি হবে বলে জানান মফিজুর রহমান। তিনি বলেন, গত ২০২০-২১ অর্থবছর ১০০ কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। এবার প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ (রাকাব) কয়েকটি নতুন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
এসএমই ফাউন্ডেশন জানায়, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে।