জট কমাতে বিকল্প পথে পণ্য রপ্তানি বাড়ছে

চট্টগ্রাম-ভারতের কৃষ্ণপত্তনাম নৌপথ হয়ে ইউরোপে রপ্তানি বাড়ছে। ৯ জুলাই এক জাহাজে নেওয়া হয়েছে ৫১৫ একক রপ্তানি পণ্যের কনটেইনার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর
প্রথম আলো ফাইল ছবি

দেশের বেসরকারি কনটেইনার ডিপোয় রপ্তানি পণ্যবাহী কনটেইনারের স্তূপ বাড়ছে। গতকাল বুধবার চট্টগ্রামের ১৯টি ডিপোয় রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারের সংখ্যা ১৫ হাজার ৮০১ এককে উন্নীত হয়েছে। এ পরিস্থিতিতে প্রচলিত পথের পাশাপাশি ছোট ছোট বিকল্প পথে পণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন শিপিং এজেন্টরা।

এ কারণে শিপিং এজেন্টরা বিকল্প হিসেবে চট্টগ্রাম থেকে ভারতের কৃষ্ণপত্তনাম বন্দর দিয়ে ইউরোপে পণ্য রপ্তানির পথ বেছে নিয়েছেন। চট্টগ্রাম থেকে কৃষ্ণপত্তনাম নৌপথে শ্রেয়াস শিপিংয়ের কনটেইনার পণ্য আনা-নেওয়ার জাহাজ পরিষেবা চালু রয়েছে। এই নৌপথ হলো চট্টগ্রাম থেকে হলদিয়া, কৃষ্ণপত্তনাম ও চেন্নাই। রপ্তানি পণ্য প্রথমে চট্টগ্রাম থেকে ফিডার জাহাজে এসব বন্দর হয়ে কৃষ্ণপত্তনাম বন্দরে নেওয়া হয়। সেখান থেকে ইউরোপগামী বড় জাহাজে তুলে দেওয়া হয়। একইভাবে কৃষ্ণপত্তনাম বন্দর হয়ে আমদানি পণ্য চট্টগ্রামে আনা হয়। ইউরোপ ছাড়াও ভারতগামী রপ্তানি পণ্যও পরিবহন হয় এই নৌপথে, যেগুলো আগে কলম্বো হয়ে যেত।

বাংলাদেশের পণ্য রপ্তানি হয় মূলত সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার দুটি এবং মালয়েশিয়ার দুটি বন্দর দিয়ে। প্রথমে চট্টগ্রাম থেকে এই চার বন্দরে রপ্তানি পণ্যের কনটেইনার নেওয়া হয়। এরপর সেখান থেকে বড় জাহাজে সেসব কনটেইনার যায় ইউরোপ-আমেরিকায়।

বন্দর কর্মকর্তারা জানান, সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে কনটেইনার জটের পর থেকে বিকল্প পথ দিয়ে পণ্য আমদানির পাশাপাশি রপ্তানি

বাড়ছে। তবে এ পথে জাহাজ ও কনটেইনার পরিবহনের হার অনেক কম। আবার চার দিন বাড়তি সময় লাগে। এরপরও সংকটের সময়ে বিকল্প পথে কিছুসংখ্যক কনটেইনার ইউরোপে পাঠানোর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বন্দরের তথ্য অনুযায়ী, ৯ জুলাই এ নৌপথে ‘এসএসএল কচি’ নামের জাহাজটি ৫১৫ একক রপ্তানি পণ্যের কনটেইনার নিয়ে বন্দর ছেড়ে গেছে। এর আগে জুন মাসে তিনটি জাহাজে এ নৌপথে ১ হাজার ১৭৯ একক কনটেইনার রপ্তানি হয়েছে। এর আগে মে মাসে ৩১৮ একক, এপ্রিলে ৪৫৩ একক, মার্চে ৪৮৫ একক কনটেইনার রপ্তানি হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন ১ হাজার ৮০০ একক কনটেইনার রপ্তানির তুলনায় এ সংখ্যা খুবই কম। তবু সংকটের সময় এ ধরনের বিকল্প পথে কিছু কনটেইনার রপ্তানি হলে চাপ কমবে বলে মনে করছেন শিপিং এজেন্টরা। আর এই নৌপথে জাহাজের সংখ্যা বাড়ানো গেলে সংকট মোকাবিলায় তা সহায়তা করবে।

চট্টগ্রাম থেকে ভারতের কৃষ্ণপত্তনাম নৌপথে সবচেয়ে বেশিসংখ্যক কনটেইনার আনা-নেওয়া হচ্ছে জার্মান শিপিং কোম্পানি হ্যাপাগ লয়েডের মাধ্যমে। হ্যাপাগ লয়েডের বাংলাদেশের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কৃষ্ণপত্তনাম থেকে চেন্নাই ও কলম্বো হয়ে সপ্তাহে এক দিন বড় জাহাজ ইউরোপে যায়। সিঙ্গাপুর-কলম্বোতে কনটেইনারের জট রয়েছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক সংকটের কারণে নিয়মিত পথের পাশাপাশি এ পথে কনটেইনার আনা-নেওয়া বেড়েছে। অন্তত চার দিন বেশি সময় লাগলেও কিছুসংখ্যক কনটেইনার নেওয়া যাচ্ছে—এটাই এ সময়ে কিছুটা হলেও স্বস্তির। সংকটের সময় গ্রাহকদের সেবা দিতে বিকল্প পথে

রপ্তানি পণ্য পরিবহনের চেষ্টা চলমান আছে বলে তিনি জানান।

শিপিং কোম্পানিগুলো জানায়, বিকল্প পথ ছাড়াও প্রচলিত নৌপথে প্রতিদিন রপ্তানি পণ্যের কনটেইনার যাচ্ছে। বন্দর ছেড়ে যাওয়া জাহাজগুলোয় ধারণক্ষমতার সর্বোচ্চ রপ্তানি পণ্যের কনটেইনার নেওয়া হচ্ছে। তবু কনটেইনারের স্তূপ কমছে না। এর কারণ হলো সংকটের পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ছে।