জাতীয় এসএমই মেলায় বৃষ্টির হানা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সারা দেশে গতকাল রোববার থেকে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের আঙিনায় শুরু হওয়া আট দিনব্যাপী জাতীয় এসএমই মেলায় অংশগ্রহণকারীরা। মেলা শুরুর দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি স্টলের ভেতরে ঢুকে পড়েছে। এতে ভিজে গেছে উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য। তাই পণ্য বাঁচাতে হুড়োহুড়ি করে প্লাস্টিকের ব্যাগে ভরে নেন উদ্যোক্তারা। তাঁদের পণ্যগুলো কোনোমতে টেবিলের ওপরে রাখতে দেখা যায়। স্টলের মেঝেতে বিছানো কার্পেটের ওপর পানি জমে থাকায় বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সেটি এড়াতে বন্ধ করা হয়েছে মেলার এক অংশের বৈদ্যুতিক সংযোগ। কারণ, স্টলগুলোতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে মেঝেতে তার বিছিয়ে। ফলে দুর্ঘটনা এড়াতে মেলা বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না।
এবারের মেলায় মোট ৩২৫টি স্টল রয়েছে। এর মধ্যে ১১৭টি তৈরি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর। কয়েকটি স্টল থেকে বলা হয়, কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়নি।
টঙ্গী থেকে আসা আহ-মাহরাহ বুটিকের উদ্যোক্তা ফারজানা খান বলেন, ‘আমি প্রাকৃতিক রং ব্যবহার করে শাড়ি ও কামিজ তৈরি করি। একবার পানি লেগে গেলে পণ্য পুরোই বাতিল হয়ে যাবে।’
এ বিষয়ে মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা মেশিন বসিয়ে পানি অপসারণের ব্যবস্থা করছে। উদ্যোক্তাদের আপাতত অতিরিক্ত টেবিল দিয়ে পণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হচ্ছে।’
বৃষ্টির কারণে মেলা বিঘ্নিত হওয়ায় সময় বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এসএমই ফাউন্ডেশনের এই কর্মকর্তা। নাজিম হাসান সাত্তার আরও বলেন, ‘সাধারণত প্রথম দুই দিন মেলায় এমনিতেও ক্রেতাসমাগম কম থাকে। মেলার দিন বাড়ানো হবে কি না, তা এখনই আমরা বলতে পারছি না।’